আজকাল ওয়েবডেস্ক: সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন। কয়েকদিন যেতে না যেতেই চর্চায় অর্জুন তেন্ডুলকর। বাবা শচীন তেন্ডুলকর বরাবর বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছেন। কিন্তু সেই ফাঁদ এড়াতে পারলেন না অর্জুন। যদিও এর জন্য বিশেষ দোষ নেই শচীনপুত্রের। তবে তাঁর ব্যক্তিগত জীবন নয়, চর্চায় ক্রিকেটজীবন। এবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন অর্জুন। এই নিয়েই যত ঝামেলা। আচমকা রবিচন্দ্রন অশ্বিন একটি বিরূপ মন্তব্য করেন। বলে বসেন, আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সুযোগ পাবেন না শচীনপুত্র।‌ দলের পেস আক্রমণ শক্তিশালী। ভারতের তারকা স্পিনারের ধারণা, প্রথম একাদশে সুযোগ পেতে হিমশিম খাবেন অর্জুন। 

টিম কম্বিনেশন সম্বন্ধে অশ্বিন বলেন, 'অর্জুন তেন্ডুলকর খেলবেই না। তাই সেই নিয়ে আলোচনা করে লাভ নেই। আমার মনে হয় ওর খেলা কঠিন, কারণ দলে মায়াঙ্ক যাদব, মহসিন খান, আবেশ খান এবং মহম্মদ শামি আছে। দলে অনেক ফাস্ট বোলার আছে। কীভাবে খেলবে? একমাত্র দলে একাধিক চোট-আঘাত হলে তবেই সুযোগ পেতে পারে।' অশ্বিনের মন্তব্য ভালভাবে নেননি যোগরাজ সিং। পাল্টা কটাক্ষ করেন। ক্ষেপে লাল যুবরাজ সিংয়ের বাবা। যোগরাজ বলেন, 'ও ভুলভাল কথা বলছে। অশ্বিন যেই হোক না কেন, একজনকে নিয়ে কী বলা উচিত সেটা ওরা জানা দরকার। টিভিতে বসে বেশি কথা বলছে। ও এটা করতে পারবে না, সুযোগ পাবে না, বলার কে ও?' 

শচীনপুত্রের ওপর পূর্ণ আস্থা রাখছেন যোগরাজ। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে অর্জুনের খেলার বিষয়েও আশাবাদী। যোগরাজ বলেন, 'ও শচীন‌ তেন্ডুলকরের ছেলে, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। ও যখন এখানে ছিল, আমি যুবিকে বলেছিলাম, সবাই অর্জুনের ভুল দিকে নজর দিচ্ছ। ও বোলার নয়। ওর শিরদাঁড়ায় সমস্যা আছে। হাত ৪৫ ডিগ্রি থেকে নামে। ও যখন এখানে ছিল, আমি আলাদা করে ওর সঙ্গে কথা বলি। গোয়া দলে থাকাকালীন আমি ওর কোচকেও একই কথা বলি। তোমরা না পারলে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করছি, অর্জুন তেন্ডুলকর আমার সঙ্গে ছয় মাস কাটালে, বিশ্বের সমস্ত ব্যাটারকে ছাপিয়ে যাবে। সেটা না হলে, আমি নিজের দাঁড়ি কামিয়ে ফেলব।' প্রসঙ্গত, এর আগেও অর্জুনের হয়ে ব্যাট ধরেছিলেন যুবরাজের বাবা। শচীনপুত্রকে ট্রেনিং দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।