আজকাল ওয়েবডেস্ক: মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও বড় সঙ্কটে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
বিশ্বকাপে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার বিতর্কিত জয় নিয়ে সমালোচনার মধ্যেই এবার সংস্থাটির বিরুদ্ধে শত শত মিলিয়ন ডলারের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থাটি এখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআইয়ের নজরদারিতে রয়েছে। মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে হওয়া বিপুল অঙ্কের লেনদেনে অর্থ পাচার বা ব্যাঙ্ক জালিয়াতির কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের নজরে রয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রোডএন্টার এলএলসি। অভিযোগ রয়েছে, বিদেশে এএফএ-র আর্থিক চুক্তি ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি সিটি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ আমেরিকা এবং জেপি মরগান-সহ কয়েকটি বড় মার্কিন ব্যাঙ্কের মাধ্যমে প্রায় ২৬০ মিলিয়ন ডলার লেনদেন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই বিপুল অর্থের একটি ছোট অংশই আর্জেন্টিনা জাতীয় দলের প্রকৃত পরিচালন ব্যয়ে ব্যবহার করা হয়েছে। বাকি অর্থের একটি অংশ প্রায় ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যাদের নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এসব লেনদেনের পিছনে কোনও অবৈধ আর্থিক কাঠামো ছিল কি না।
এদিকে ৫৮ বছর বয়সী তাপিয়া নিজের দেশেও রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। আর্জেন্টিনার ক্লাবগুলোর মালিকানা কাঠামো নিয়ে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর মতবিরোধ চলছে। এই বিরোধের মধ্যেই কর ফাঁকির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে আটলান্টায় নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন (ইএফএফ)। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁরা আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে। ম্যাচে মিশর একসময় ২-০ গোলে এগিয়ে ছিল। ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছিলেন মহম্মদ সালাহরা। কিন্তু শেষদিকে দুরন্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। লিওনেল মেসি একটি গোল করার পাশাপাশি, আরেকটি গোল করতে সাহায্য করেন। সংযুক্তি সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ এ জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিশর শিবির। বিশেষ করে ভিএআর-এর সাহায্য নেওয়ার পর মিশরের একটি গোল বাতিল করা হয়। পাশাপাশি আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে তাঁদের পেনাল্টির আবেদনে ভিএআরের সাহায্য না নেওয়ায় অসন্তোষ তৈরি হয়। একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করেছেন। বিতর্কিত সিদ্ধান্তগুলোর তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে টুর্নামেন্টের বাকি অংশ থেকে সংশ্লিষ্ট রেফারিং দলকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।















