আজকাল ওয়েবডেস্ক: ভারত ও আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং দাপট দেখাল টিম ইন্ডিয়া।
অধিনায়ক শুভমন গিল ইনিংসের সমাপ্তি ঘোষণা করার আগে ভারত ৮ উইকেটে ৫৬৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে।
ভারতের হয়ে ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স দেখান লোকেশ রাহুল, যিনি ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
পাশাপাশি সাই সুদর্শন ও ঋষভ পন্থ--দু'জনেই ৮১ রানে থেমে যান। লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর ৫২ রান যোগ করে ভারতকে ৫০০ রানের গণ্ডি পার করিয়ে দেন।
তবে ম্যাচের আসল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন আফগানিস্তানের তরুণ পেসার মহম্মদ সেলিম।
মাত্র ২৩ বছর বয়সে, কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই তিনি গড়লেন অসাধারণ এক কীর্তি।
ভারতীয় মাটিতে টেস্টের এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়া প্রথম আফগান বোলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি।
প্রথম ইনিংসে ২৭ ওভার বল করে ১৪০ রানে ৬ উইকেট তুলে নেন সেলিম। প্রথম দিনে তিনি ২টি উইকেট পেলেও, দ্বিতীয় দিনে আরও ৪ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামান এই ডানহাতি পেসার।
আফগান বোলারদের মধ্যে সেলিম ৬ উইকেট নেন। আফগানিস্তানের হয়ে জিয়া উর রহমান ও অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি একটি করে উইকেট নিলেও, অন্য বোলাররা খুব একটা প্রভাব ফেলতে পারেননি। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফাগানিস্তান ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েছে। করেছে ৮১ রান।















