হায়দরাবাদের বিখ্যাত এই 'মাটন মারাগ' আসলে এক ধরনের হালকা সুগন্ধী মাটনের স্যুপ, যা সুস্বাদু এবং স্বাস্থ্যকর৷ 

কী কী লাগবে?  

মাটন (হাড়সহ) – ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ২টা মাঝারি
আদা-রসুন বাটা – ২ চা চামচ
কাজুবাদাম – ১০-১২টা (পেস্ট করা)
দই – ১/২ কাপ
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
গরম মসলা – ১/২ চা চামচ
তেজপাতা – ১টা
দারচিনি – ১ টুকরো
এলাচ – ২টা
লবঙ্গ – ৩টা
ধনেপাতা – কুচি (গার্নিশের জন্য)
পাতিলেবুর রস – ১ চা চামচ
তেল/ঘি – ২ টেবিল চামচ
নুন – স্বাদমতো
জল– ৩-৪ কাপ


প্রথমে কড়াইয়ে তেল বা ঘি গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজুন।

এরপর কড়াইতে মাটন দিয়ে ভালো করে নেড়ে ৫–৭ মিনিট মাঝারি আঁচে ভাজুন, যাতে মাটনের রঙ বদলে যায়। এরপর টকদই, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নিন . কাজুবাদাম বাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে জল দিন। মাঝারি আঁচে ৩০–৪০ মিনিট (বা প্রেসার কুকারে ৪–৫ সিটি) রান্না করুন।


মাটন নরম হয়ে গেলে গোলমরিচ গুঁড়ো ও গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিন। শেষে পাতিলেবুর রস ছড়িয়ে আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ২ মিনিট ঢাকা দিয়ে রাখুন৷ গরম গরম স্যুপ হিসেবে রাতে রুটি পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন। খাবার পাতে পাতিলেবুর টুকরো দিতে পারেন, স্বাদ বাড়ে।