হিন্দি সিনেমার চিত্রনাট্যও বোধহয় এর কাছে হার মানবে। জীবন যে মাঝে মাঝে রূপোলি পর্দার চেয়েও অবিশ্বাস্য মোড় নিতে পারে, তার এক জলজ্যান্ত প্রমাণ মিলল সমাজমাধ্যমে। এই মুহূর্তে নেটপাড়ায় একটি অত্যন্ত আবেগঘন ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, যা ছুঁয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের হৃদয়। একটি অতি সাধারণ ক্যাব রাইড কীভাবে চোখের পলকে সারা জীবনের এক অবিস্মরণীয় এবং বেদনাবিধুর স্মৃতিতে পরিণত হতে পারে, এই ভিডিও তারই গল্প বলে। যেখানে এক ট্যাক্সিচালক স্টিয়ারিং হাতে নিজের অজান্তেই মুখোমুখি হলেন তাঁর ফেলে আসা অতীতের— রিয়ার-ভিউ মিররে ভেসে উঠল তাঁর ছোটবেলার প্রথম প্রেম!
ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, ওই ক্যাব চালক প্রতিদিনের মতোই সাধারণ পোশাকে নিজের ডিউটি করছিলেন। রাস্তা থেকে এক দম্পতিকে তিনি গাড়িতে তোলেন এবং গন্তব্যের উদ্দেশে রওনা দেন। যাত্রার শুরুতে চালকের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে, তাঁর গাড়ির পেছনের সিটে যে মহিলা বসে আছেন, তিনি একসময় তাঁর জীবনের সবচেয়ে সুন্দর বসন্ত ছিলেন।
কিছুক্ষণ যাওয়ার পর, হঠাৎই গাড়ির আয়নায় পেছনের সিটের দিকে নজর যেতেই চমকে ওঠেন চালক। মুহূর্তের মধ্যে চিনে ফেলেন সেই চেনা চোখ, চেনা মুখ। দীর্ঘ বহু বছর পর এই আকস্মিক সাক্ষাৎ যেন কোনও সস্তা মেলোড্রামা নয়, এক বুক কাঁপানো বাস্তব হয়ে সামনে আসে।
?utm_source=ig_web_button_share_sheet
পুরো ভিডিও জুড়ে সবচেয়ে বুক ভাঙা দৃশ্য ছিল চালকের নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা। পেছনের সিটে বসা মহিলার স্বামী বা সঙ্গীর সামনে নিজের আবেগকে প্রকাশ করতে পারছিলেন না তিনি। অথচ ভেতরের ছটফটানি আড়াল করা যাচ্ছিল না।
গাড়ি চালাতে চালাতেই তিনি হালকা হেসে টুকটাক কথা বলতে শুরু করেন, কথায় কথায় টেনে আনেন পুরোনো দিনগুলোর কিছু আবছা প্রসঙ্গ। কিন্তু তাঁর কাঁপা গলা এবং মুখের অভিব্যক্তি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল যে, তাঁর বুকের ভেতরে তখন স্মৃতির সুনামি চলছে। ঠিক ওঁর পেছনের সিটেই বসে আছেন সেই মানুষটি, যাঁকে নিয়ে একদা তিনি ভবিষ্যতের হাজারো স্বপ্ন বুনেছিলেন, কিন্তু নিয়তি আজ তাঁদের উত্তর-দক্ষিণে দাঁড় করিয়ে দিয়েছে।
ভিডিওর বিবরণে জানা যায়, বহু বছর আগে পারিবারিক পরিস্থিতি ও জীবনের কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়ে দুজনে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। সময় বয়ে গেছে নদীর মতো, দুজনের জীবনই এগিয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন দুটি ট্র্যাকে। আজ যখন ভাগ্য তাঁদের আবার এক অদ্ভুত চৌরাস্তায় এনে দাঁড় করাল, তখন অনেক দেরি হয়ে গেছে। সেই চেনা মেয়েটি আজ অন্য কারও ঘরণী, নিজের নতুন সংসারে তিনি সুখী এবং এই ক্যাব জার্নিতে তাঁর পাশে বসে আছেন তাঁর বর্তমান জীবনসঙ্গী। মনের মানুষ সামনেই বসা, অথচ ছোঁয়া বারণ— এই নির্মম বাস্তবটাই কাঁদিয়ে ছেড়েছে নেটিজেনদের।
ভিডিওটি ভাইরাল হতেই সমাজমাধ্যমে কমেন্টের বন্যা বয়ে গেছে। এক ইউজার লিখেছেন, “সব প্রেমকাহিনী পূর্ণতা পায় না, কিছু গল্প অধরা থকেই সুন্দর।” অন্য একজন মন্তব্য করেছেন, “ ভাগ্যের এক নিষ্ঠুর খেলা। নিয়তি অনেক সময় এমন মোড়ে এনে দাঁড় করায়, যা আমরা কল্পনাও করতে পারি না।”
তবে ভিডিওটি সত্যিই কোনো বাস্তব ঘটনার কোলাজ নাকি কোনও ক্রিয়েটরের তৈরি করা অত্যন্ত নিখুঁত ‘স্ক্রিপ্টেড শর্ট ফিল্ম’, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু সত্য-মিথ্যার উর্ধ্বে গিয়ে, এই কয়েক মিনিটের ক্লিপটি মানুষকে সম্পর্কের মূল্য, বিচ্ছেদের সুপ্ত যন্ত্রণা আর পুরোনো স্মৃতির মায়া নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আর সেই কারণেই লাখো মানুষের চোখের জল বাঁধ মানছে না এই ভিডিও দেখে।















