রিসর্টের অগভীর সুইমিং পুলে ঝাঁপ দিতেই মৃত্যু হল ২৫ বছর বয়সী যুবকের৷ মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার ঘটনা৷ জানা গিয়েছে, মাথা নিচের দিকে করে ঝাঁপ দেওয়ার পর এক ২৫ বছর বয়সী পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মৃত যুবকের নাম শ্রীণিক মিলিন্দ তাকালে। তিনি কোলহাপুর জেলার বাসিন্দা। ২০ জুন মালভনের ভায়ারি এলাকার একটি রিসর্টে নয় বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যায়, বন্ধুরা সকলে সুইমিং পুলের পাশে নাচ-গান করছিলেন। কয়েক সেকেন্ড পর শ্রীণিক প্রায় ৮ থেকে ১০ ফুট উচ্চতায় উঠে শিশুদের জন্য নির্ধারিত অগভীর অংশে মাথা নিচের দিকে করে ঝাঁপ দেন।
পুলটির গভীরতা ছিল মাত্র প্রায় চার ফুট। জোরে ঝাঁপ দেওয়ার কারণে তাঁর মাথা পুলের তলায় আঘাত করে এবং মাথায় গুরুতর চোট লাগে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বন্ধুরা দ্রুত তাঁকে মালভন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ একটি দুর্ঘটনাজনিত মৃত্যু রিপোর্ট (ADR) দায়ের করেছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সুইমিং পুলের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও বড় আইনি পদক্ষেপের খবর প্রকাশ্যে আসেনি।















