আজকাল ওয়েবডেস্ক: চলতি অধিবেশনের প্রথম পর্যায়েই 'অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ ২০২৬' বিলটি বিধানসভায় পেশ হওয়ার কথা ছিল। কিন্তু, তাড়াহুড়ো করতে চায়ননি বাংলার প্রথম বিজেপি সরকার। বৃহস্পতিবার বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই 'অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ ২০২৬' খসড়া বিলটি খতিয়ে দেখতে কমিটি গঠনের প্রস্তাবে অনুমোদন মিলেছে। এ কথা জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই, 'অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ ২০২৬' খসড়া বিলটি খতিয়ে দেখবেন। উনি এই জন্য চার সপ্তাহ সময় ধার্য করেছেন। তারপরই বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিলটি পেশ করা হবে।
উত্তরাখণ্ড, গুজরাত ও অসমে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর হয়েছে। এই বিল পাশের পশ্চিমবঙ্গই হবে দেশে অভিন্ন দেওয়ানি বিধি আইন কার্যকর করা চতুর্থ বিজেপি-শাসিত রাজ্য।
ভোটের প্রচারের সময়ই 'অভিন্ন দেওয়ানি বিধি' কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটে জয় হাসিল হয়েছে। তার দেড় মাসের মধ্যেই বাংলায় 'অভিন্ন দেওয়ানি আইন' চালু করতে মরিয়া গেরুয়া শিবির।
বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করতে উদ্যোগী বিজেপি সরকার। এতে আইনের শাসন আরও পোক্ত হবে বলে মনে করছে শাসক শিবির। এছাড়া, মহিলা-পুরুষের সমানাধিকারের ক্ষেত্রেও এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।















