আজকাল ওয়েবডেস্ক: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। কিন্তু কলকাতায় ছাত্র আন্দোলন ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ।
তাঁর বক্তব্য, "মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই বিধানসভায় বলেছেন যারা অন্যায় করেছে গুন্ডা দমন আইনে তাদের ব্যবস্থা হবে। সেদিন ছাত্র আন্দোলনের নামে যেভাবে তাণ্ডব হয়েছে সাধারণ মানুষের উপর, সাংবাদিকের উপর অ্যাটাক হয়েছে, তার শাস্তি পাবে। গ্রেফতার হচ্ছে। আগামীতে আরও হবে। কাওকে ছাড়া হবে না। যে যা করবে পশ্চিমবঙ্গে সেটা আর চলবে না।'
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, "আন্দোলন হচ্ছে, সরকার যেটা ঠিক মনে করবে সেটা হবে। নরেন্দ্র মোদি মনে করেছেন পদত্যাগ করার দরকার হয়েছে সেটা করেছেন। সরকার আলোচনায় বসার জন্য সমস্যা সমাধানের জন্য বারবার মিটিং করেছেন। ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত তার সবটাই করেছে সরকার।'
ছাত্র আন্দোলন ঘিরে দিলীপের অভিযোগ, "এটা আন্দোলন নয়, এটা উৎপাত। দেশের মানুষ বুঝে গেছে, তাই সরকার কোনও কড়া পদক্ষেপ করেনি। বারবার দেশের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় যারা মদত দেয়, তারা এসব করছে দেশের মানুষ বুঝে গেছে।"
গতকাল কুণাল ঘোষের গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি বলেন, "কুণাল ঘোষ নিজে হিরো হওয়ার চেষ্টা করছেন। বিধানসভায় কাণ্ডকারখানা করেন খবর হওয়ার চেষ্টা করেন বাইরে এসো স্টেটমেন্ট দেন। এই রাজনীতি করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য কিছু করা যাবে না। পুলিশ সবার সঙ্গে কথা বলে সবাইকে অনুমতি দিচ্ছে তার মধ্যে আপনি ঝামেলা করছেন। মানুষকে অসুবিধা করতে পারেন না।"
















