দীক্ষা ভুঁইয়া: প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি ফিল্ড আধিকারিকদের বদলি সংক্রান্ত নতুন নীতি চালু করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন দপ্তরে এক্সটেনশন অফিসার পদমর্যাদা পর্যন্ত কর্মরত ফিল্ড-লেভেল আধিকারিকদের ক্ষেত্রে এই নীতি অবিলম্বে কার্যকর হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও আধিকারিককে সাধারণত তাঁর নিজ জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের আগের শেষ দুই বছরে প্রশাসনিক সুবিধা সাপেক্ষে এই বিধানে ছাড় দেওয়া যেতে পারে।
একই পদে টানা তিন বছর কর্মরত থাকলে সংশ্লিষ্ট আধিকারিককে বদলির জন্য বিবেচনা করা হবে। সাধারণভাবে কোনও আধিকারিককে একই পদে চার বছরের বেশি রাখা হবে না।
রাজস্ব আদায়, কর সংগ্রহ এবং অন্যান্য সংবেদনশীল ফিল্ড-অ্যাসাইনমেন্টে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রে আরও কঠোর নীতি গ্রহণ করেছে রাজ্য। এই ধরনের পদে দুই বছর পূর্ণ হলে বদলির জন্য বিবেচনা করা হবে এবং তিন বছরের বেশি একই দায়িত্বে রাখা হবে না।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, বদলির ক্ষেত্রে আধিকারিকের জেলা-সংক্রান্ত সুবিধার বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রশাসনিক প্রয়োজন এবং জনস্বার্থের উপর।
একই সঙ্গে নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, প্রশাসনিক জরুরি প্রয়োজন, বিশেষ অসুবিধা বা অন্য কোনও ব্যতিক্রমী পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের আবেদনের ভিত্তিতে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তর এই নীতির বিভিন্ন শর্ত শিথিল করতে পারবে।
















