আজকাল ওয়েবডেস্ক: ঋতব্রতপন্থীদের পরিকল্পনা ভেস্তে দিতে পাল্টা কৌশলী মমতা ব্যানার্জি। সোমবার একদিকে যখন ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে দলের 'বিদ্রোহী' শিবির তৃণমূলের ‘ন্যাশনাল ওয়ার্কিং কমিটি’ তৈরি করছিল, ঠিক তখনই সম্পূর্ণ পৃথক একটি নতুন কমিটির তালিকা তৈরি করেছেন খোদ মমতা ব্যানার্জি। সেই তালিকা নির্বাচন কমিশনেও পাঠান হয়েছে বলে জানা গিয়েছে।

নয়া এই তালিকায় তৃণমূলের চেয়ারপার্সন বা প্রধান হিসেবে নাম রয়েছে মমতা ব্যানার্জিরই। 

কালীঘাটপন্থী তৃণমূলের নয়া 'ন্যাশনাল ওয়ার্কিং কমিটি'

চেয়ারপারসন: মমতা ব্যানার্জি
সহ সভাপতি: সুব্রত বক্সী
সর্বভারতীয় সাধারণ সম্পাদক: অভিষেক ব্যানার্জি
যুগ্ম সম্পাদক: ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন
কোষাধ্যক্ষ: শুভাশিষ চক্রবর্তী
রাজ্য সভাপতি: চন্দ্রিমা ভট্টাচার্য

এছাড়াও এই কমিটির সদস্য হিসেবে নাম রয়েছে, অমিত মিত্র, অসীমা পাত্র, মলয় ঘটক, গৌতম দেব, শোভনদেব চ্যাটার্জি, বীরবাহা হাঁসদা, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, নাদিমুল হক, মদন মিত্র, মহুয়া মৈত্র, বুলুচির বরাইক, বিমান ব্যানার্জি, মহুয়া মৈত্র, বৈশ্বানর চ্যাটার্জি, কুণাল ঘোষরা।

উল্লেখ্য, গত ৫ জুন কালীঘাটপন্থী তৃণমূলের যে কমিটি তৈরি হয়েছিল, সেখান থেকে এই নয়া 'ন্যাশনাল ওয়ার্কিং কমিটি'-তে নাম নেই প্রক্তন মন্ত্রী তথা একদা মমতা ঘনিষ্ঠ অরূপ বিশ্বাসের। 

তৃণমূলের 'বিদ্রোহী' শিবির ইতিমধ্যেই তাদের কমিটির তালিকা প্রকাশ করেছে। সেখানেই ঠাঁই হয়নি মমতা ব্যানার্জির। সেই কমিটির চেয়ারপার্সন করা হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ রায়কে। সাধারণ সম্পাদক ঋতব্রত ব্যানার্জি-সহ চারজন। ঋতব্রতপন্থী নেতারাই রয়েছেন কমিটির অন্যান্য পদে।

পাল্টা কালীঘাটপন্থী তণমূলের তরফেও নয়া 'ন্যাশনাল ওয়ার্কিন কমিটি' ঘোষণা করা হল। এমনকি তা নির্বাচন কমিশনে জমাও পড়েছে বলেও খবর। এবার তৃণমূলের রাশ নিয়ে লড়াই কোনদিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের। 

তৃণমূলের অন্দরের এই কোন্দল নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "তৃণমূল টুকরে টুকরে গ্যাং হয়ে গিয়েছে। আসলে পাপ বাপকেও ছাড়া না। এদের কেউ কেউ শাস্তি পাচ্ছেন, কেউ কেউ আবার অন্য দলে চলে গিয়ে এনডিএ-কে সমর্থনের কথা বলে ভাবছেন ছাড় পাবেন। অভিযুক্ত কাউকে ছাড়া হবে না। দোষ করলে শাস্তি পেতেই হবে।"