আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলে একুশে জুলাই। দল ভেঙেছে। ফলে ২১ জুলাই এবার দু' জায়গায় হবে তা বোঝা গিয়েছে আগেই। অন্যদিকে এবার কংগ্রেস আগেই জানিয়েছে, শহিদ দিবস পালন করা হবে, শহিদ মিনার চত্বরে। এই পরিস্থিতিতে, তৃণমূলের দুই শিবিরই জানিয়েছিল, ধর্মতলায়, ২১ জুলাইয়ের শহিদ দিবস সমাবেশ করতে চায়। যদিও কলকাতা পুলিশ সাফ জানিয়ে দেয়, ওই নির্দিষ্ট জায়গায় অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের জারি ১৪৪ ধারা। সেখানে সম্ভব নয় কোনও শিবিরকেই অনুমতি দেওয়া। অন্যদিকে ওই একই জায়গায় রাস্তা বন্ধ করে ২১ জুলাই পালন করার জন্য, আদালত অবমাননার নোটিস গিয়েছে মমতার কাছে।
এসবের মাঝেই, ঋতব্রত শিবির পুলিশের কাছে আর্জি জানিয়েছিল, গান্ধী মুর্তির পাদদেশে ২১ জুলাই পালনের। মিলেছে অনুমতি। সুত্রের খবর সোমবার থেকেই শুরু হবে প্রস্তুতি। কিন্তু কালীঘাট তৃণমূল তাহলে কোথায় পালন করবে ২১ জুলাইয়ের সমাবেশ?

ইতিমধ্যেই কালীঘাট তৃণমূলের মুখপাত্র-সহ একাধিক নেতা-নেত্রীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ঘুরছে। ২১ জুলাইয়ের পোস্টার। তাতে প্রধান বক্তা হিসেবে মমতা ব্যানার্জির নামই লেখা। কিন্তু অন্যান্যবারের মতো লেখা নেই 'ধর্মতলা'র কথা। লেখা 'শহিদ স্মরণে কলকাতা চলো' স্বাভাবিক ভাবেই জল্পনা, কোথায় হবে এই সমাবেশ। প্রাথমিকভাবে কালীঘাট তৃণমূল নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছিল বলেই জানা যায়। তাঁরা ধর্মতলার পুরনো জায়গাতেই শহিদ দিবস পালন করবেন বলেই মনস্থির করছিলেন সূত্রের খবর তেমনটাই। তবে জানা যাচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে কালীঘাটে তৈরি অন্য বিকল্প ভাবনা। একাধিক জায়গার ভাবনা ভাবা হচ্ছে বলেও খবর সূত্রের। যদিও এই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য সামনে আসেনি। কেবল সোশ্যাল মিডিয়ায় পোস্টার সামনে এসেছে।















