আজকাল ওয়েবডেস্ক: কালীঘাটে সোমবার বিকেলে বৈঠকে বসার কথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। সূত্রের খবর, একইদিনে শহরের পাঁচতারা হোটেলে বিশেষ বৈঠকে বসছে টিম ঋতব্রত। 

 

আর কিছুক্ষণেই টিম ঋতব্রত, অর্থাৎ বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতারা বিশেষ বৈঠকে বসছেন। উপস্থিত থাকবেন, কলকাতা পুরসভার একগুচ্ছ প্রাক্তন কাউন্সিলররাও। থাকছেন অন্যান্য জেলার তৃণমূল কংগ্রেসের নেতারাও, যাঁরা গত কয়েকদিনে ধীরে ধীরে টিম ঋতব্রততে যুক্ত হয়েছেন। ওই বৈঠকের নাম দেওয়া হয়েছে, 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন'।

সোমবার, বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হওয়ার পর, সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের বিদ্রহী ব্লক। তার আগেই বিধায়কদের বলে দেওয়া হয়, কিছুক্ষণেই শহরের ওই পাঁচতারা হোটেলে পৌঁছে যাওয়ার  জন্য। 

 

কী নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে? সূত্রের খবর, দলের প্রতীক-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ওই বৈঠকে। এমনিতেই ঋতব্রত ব্যানার্জিরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন গত কয়েকদিন ধরেই। ইতিমধ্যে  আইনি সহায়তা নিয়েছেন বলেও খবর সূত্রের। জানা গিয়েছে, আজকের বৈঠকে তাঁদের 'আসল তৃণমূল' হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যাওয়া নিয়েই আলোচনা হতে পারে।