আজকাল ওয়েবডেস্ক: নেট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কালীঘাট তৃণমূলকে অনুমতি দেয়নি পুলিশ। লালবাজারের নির্দেশের প্রতিবাদে আদালতে গেলেও সুরাহা মেলেনি। তাও জোর করেই এদিন বিকেলে সিআইটি রোডের পদ্মপুকুর মোড়ে বিক্ষোভ কর্মসূচিরা শুরু করে দেন কুণাল ঘোষ, দোলা সেনরা। জমায়েত করেন তৃণমূল সমর্থকরাও। পুলিশ আদালতের নির্দেশের কথা তুলে ধরে তাদের চলে যেতে বলেন। কিন্তু তাতেও বিক্ষোভ কর্মসূচি বন্ধ হয়নি। শেষমেষ কুণাল ঘোষ ও বৈশ্বানর চ্যাটার্জিকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপরই সিআইটি রোডে এসে হাজির হন মমতা ব্যানার্জি। পুলিশের ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হন তিনি। দেন স্লোগানও। সাময়িক উত্তেজনা ছড়ায় সিআইটি রোডে।
শেষ মমতা ব্যানার্জি বলেন, "এভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না। মানুষ সব দেখছে। হাইকোর্টের কথা শুনে আমরা মিছিল করছি না৷ মাত্র দু'ঘণ্টার জন্য আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেটা কেন পুলিশ করতে দেবে না?" সেই সময়ে নেত্রীর পাশে দেখা যায়, দোলা সেন, ডেরেক ও'ব্রায়েনকে। আর তৃণমূল নেত্রীর হাতে ছিল লাল মলাটে মোড়া সংবিধান। মমতা জানান, কুণাল এবং বৈশ্বানর-সহ বাকিদের ছাড়াতে আইনজীবীদের সঙ্গে তিনি কথা বলছেন৷ প্রথমে লালবাজারে যাব বলে জানিয়ে দলের সোশ্যাল মিডিয়া সেলের মটরসাইকেলে চড়েন তৃণমূল নেত্রী। পরে অবশ্য সিআইটি রোড থেকে নিজের কালীঘাটের বাড়িতে ফিরে যান তিনি।
কী নিয়ে বিতর্ক?
নিট ইস্যুতে শনিবার কালীঘাট তৃণমূল মিছিলের ডাক দিয়েছিল। এদিন দুপুরে সিআইটি রোড পদ্মপুকুর থেকে মিছিল করার কথা ছিল তাদের। তৃণমূলের অভিযোগ, পুলিশ প্রথমে মিছিলে অনুমতি দিলেও পরে তা বাতিল করে। কেন এই আচরণ? অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। শনিবারই শুনানির আর্জি জানায় তৃণমূল। কিন্তু সেই দাবিও খারিজ হয়ে যায়।
















