আজকাল ওয়েবডেস্ক: ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. রাজু বিশ্বাসের লেখা ‘দাঁত সম্পর্কে দু–চার কথা যা আমি জানি’ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে। দাঁত ও মুখের স্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলায় লেখা এই ধরনের বই এই প্রথম বলেই দাবি আয়োজকদের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরাম থ্যালাসেমিয়া সোসাইটি–র কর্ণধার সঞ্জীব আচার্য, জেআইএস গ্রুপের পরিচালক সিমারপ্রীত সিং, রোটারি ইন্টারন্যাশনালের পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং সাংবাদিক দেবাশিস দত্ত, অনিন্দ্য জানা, কিংশুক প্রামাণিক, অরিজিৎ দত্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উর্বি প্রকাশনের কর্ণধার অজয় মোহতা।

জানা গিয়েছে, এটি ডা. বিশ্বাসের পেশাজীবনের প্রথম বাংলা বই। সাধারণ পাঠকের কথা মাথায় রেখে গল্পের ছলে সহজ ও প্রাঞ্জল ভাষায় দাঁত ও মুখের ভিতরের নানা সমস্যা, তার কারণ, প্রতিকার এবং প্রচলিত ভুল ধারণা ভাঙার প্রয়াস রয়েছে বইটিতে। পাশাপাশি দৈনন্দিন জীবনে দাঁতের সঠিক যত্ন ও প্রয়োজনীয় সতর্কতার কথাও তুলে ধরা হয়েছে।

মোট ৩১টি পর্বে সাজানো বইটির শুরু ‘সচেতনতার সহজপাঠ’ দিয়ে এবং শেষ ‘যত প্রশ্ন তত উত্তর’ অধ্যায়ে। ওই অধ্যায়ে দাঁত ও মুখগহ্বর সংক্রান্ত ১০৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

এছাড়া দাঁতের ক্ষয়, মাড়ির রোগ, দাঁত তোলা, কৃত্রিম দাঁত, ডেন্টাল ইমপ্লান্ট, রুট ক্যানাল চিকিৎসা, শিশুদের দাঁতের যত্ন এবং মুখের ক্যান্সারসহ দন্তচিকিৎসার প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ই সহজবোধ্য ভাষায় উপস্থাপিত হয়েছে। বইটি প্রকাশ করেছে উর্বি প্রকাশন। উল্লেখ্য, আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও পাওয়া গিয়েছিল বইটি।