আজকাল ওয়েবডেস্ক: তারাতলায় নির্মীয়মান ভেঙে পড়া গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেপ্তার করা হল। পোর্টের জমি লিজ নিয়েছিল এই শম্ভুনাথ বেহরা। শম্ভুনাথ বেহরা বেহরা ব্রাদার্সের মালিক। যাকে বুধবার থেকেই খোঁজ করছিল পুলিশ। অবশেষে তাকে তাঁর তারাতলার ফ্ল্যাট থেকে খুঁজে পায় পুলিশ। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শম্ভুনাথ বেহরাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ মানি টাওয়ারে গিয়ে জানতে পারে, সেখানে অফিস-সহ মোট ছয়টি ফ্ল্যাট রয়েছে শম্ভুনাথ বেহরার। অফিসে তালা থাকলেও ফ্ল্যাটগুলিতে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা পুলিশকে জানান, শম্ভুনাথ বেহরা কোথায় রয়েছেন, সে সম্পর্কে তাঁদের কোনও তথ্য নেই। যদিও পুলিশ নিশ্চিত ছিল যে তিনি ফ্ল্যাট ছেড়ে কোথাও যাননি। পরে দেখা যায়, পার্কিং লটে শম্ভুনাথ বেহরার সমস্ত গাড়িই রয়েছে। এরপর তিন জন ড্রাইভারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
তারাতলায় বন্দর কর্তৃপক্ষের লিজ নেওয়া জমিতে গুদাম তৈরির কাজ চলছিল। বেহরা ব্রাদার্সের নামে জমিটির লিজ নেওয়া হয়েছিল। প্রবল বৃষ্টির জেরে মাটি নরম হয়ে যাওয়ায় নির্মীয়মাণ কাঠামোটি ভেঙে পড়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালেও চলছে উদ্ধারকাজ। তারাতলা গোডাউনের ঘটনায় গ্রেপ্তার মোট পাঁচ। এদের নাম হল গুলজার হোসেন, কমল সামন্ত, শম্ভুনাথ বেহরা, দিবাকর ভাদুড়ি এবং আব্দুল হামিদ। ইতিমধ্যে এই ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর মিলেছে।
এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভা এলাকার সমস্ত বাণিজ্যিক নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে যে নির্মীয়মাণ গুদামটির নকশাতেই ত্রুটি ছিল। তা সত্ত্বেও কীভাবে সেই নকশা অনুমোদন পেল, তা খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা থেকে ওই নকশা অনুমোদন করা হয়েছিল।















