আজকাল ওয়েবডেস্ক: কলকাতার শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে ১০২ গ্রাম হেরোইন-সহ নদিয়ার এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তারিত মজুমদার। তিনি নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত দেবান্থপুর গ্রামের বাসিন্দা। বুধবার বিকেলে শিয়ালদহের এন্টালি থানা চত্বরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মোট ১০২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
এই ঘটনায় এসটিএফ একটি মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ধৃত ব্যক্তি কোনও বড় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত।
প্রসঙ্গত, এর আগেও প্রেসিডেন্সি জেলের ভিতর মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল এক মহিলা। মহম্মদ বাবু নামে এক যুবক বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। ওই যুবকের সঙ্গে প্রায় প্রতিদিনই সংশোধনগারে দেখা করতে যান তার মা সায়েদা বেগম। সংশোধনাগার কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, নিজের ছেলে শুকনো খাবার, বিস্কুট দিয়ে যেত বন্দির মা। পাকা পেঁপে নিয়ে সংশোধনাগারে ছেলের সঙ্গে দেখা করতে আসেন তার মা। পেঁপে নিয়েও নেয় ছেলে। তবে সংশোধনাগার কর্তৃপক্ষের পাকা পেঁপে দেখে সন্দেহ হয়। স্ক্যান করা হয় পাকা পেঁপের। তাতেই দেখা যায় ওই পাকা পেঁপের ভিতরে রয়েছে মাদক। হেস্টিংস থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। নিত্যনতুন কায়দায় মাদক পাচারের ঘটনা প্রশাসনের উপর চাপ যে বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এবার সেই তালিকায় যোগ হল এসটিএফের এই গ্রেপ্তারি।
&t=1s














