আজকাল ওয়েবডেস্ক: শহরের অভিজাত আবাসন। সেখানেই একের পর এক আবাসিক অসুস্থ। সূত্রের খবর, শাপুরজির ওই আবাসনে একের পর এক আবাসিক অসুস্থ হয়ে পড়ছেন। প্রায় সব ঘরেই অসুস্থ বাসিন্দা কেউ না কেউ। সূত্রের খবর, তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত। ঘটনায় ওই আবাসন এবং এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শাপুরজির আবাসনের ই-ব্লকে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তথ্য তেমনটাই। জানা গিয়েছে, ওই ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ। শতাধিক মানুষ আক্রান্ত হওয়ায় গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বচ্ছ পানীয় জলের দাবিতে আজ সকালে আবাসন কর্তৃপক্ষের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
অভিযোগ, গত কয়েকদিন ধরেই শাপুরজি ই-ব্লকের বাসিন্দারা পেটের সমস্যায় ভুগছিলেন। ধীরে ধীরে তা ব্যাপক আকার ধারণ করে। বাসিন্দাদের অভিযোগ, আবাসন থেকে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, তা অত্যন্ত দূষিত। সেই জল পান করেই ছোট-বড় নির্বিশেষে ব্লকের প্রায় সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে বলে তথ্য, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। ঘটনায় প্রবল উদ্বেগের ছায়া নেমে এসেছে এলাকায়।
আবাসিকদের দাবি, পানীয় জলের মান নিয়ে তাঁরা বারবার আবাসন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু বারংবার তা বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা টেকনোসিটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।
ডায়রিয়ার প্রকোপ আরও বাড়ার আশঙ্কায় অনেকেই ঘরবন্দি।
আবাসন ফেসিলিটি ম্যানেজার ঘটনা প্রসঙ্গে নিজের বক্তব্য রেখেছেন। জানা গিয়েছে, ঘটনার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, 'আমরা যত তাড়াতাড়ি পারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।'
