আজকাল ওয়েবডেস্ক: নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। বৈঠকের শুরুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান তিনি এবং তাঁর সফল মেয়াদের কামনা করেন।
বৈঠকে দুই রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা শিলিগুড়ির এসএনটি কমপ্লেক্সে ‘সুস্বাস্থ্য ভবন সিকিম’ নির্মাণের প্রস্তাব অন্যতম। চিকিৎসার জন্য শিলিগুড়িতে আসা সিকিমের বাসিন্দাদের সুবিধার্থে এই ভবন নির্মাণের প্রস্তাবে সম্মতি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার নির্দেশও দেন তিনি।
এছাড়া, পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে পারস্পরিক পরিবহণ চুক্তি নিয়েও আলোচনা হয়। বৈঠকে সিকিমে নথিভুক্ত ট্যাক্সির জন্য পশ্চিমবঙ্গে চলাচলের কাউন্টারসিগনেচার পারমিটের সংখ্যা ৩ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক সিকিমের ট্যাক্সি শিলিগুড়ি-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলাচল করতে পারবে, যা দুই রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
২০২৩ সালের গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF)-এর পর তিস্তা নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় জাতীয় সড়ক ১০-সহ সিকিমের যোগাযোগ ব্যবস্থায় যে সমস্যা তৈরি হয়েছে, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়। দুই রাজ্য যৌথভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিস্তা নদীর ড্রেজিং বা পলি অপসারণের উদ্যোগ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ইতিবাচক মনোভাব এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।















