আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রোর হাওড়া স্টেশনে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় উদ্ধার হল প্রায় ছয় কেজি ওজনের রুপোর বার। গোপন সূত্রে খবর বা নিয়মিত তল্লাশির সময় এই বিপুল পরিমাণ রুপো উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের লাগেজ স্ক্যানিং মেশিনে তল্লাশি চালানোর সময় কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের নজরে আসে অতনু পাত্র নামক এক যাত্রীর ব্যাগে থাকা সন্দেহজনক কিছু বস্তু। ব্যাগটি পরীক্ষা করতেই বেরিয়ে আসে বেশ কয়েকটি রুপোর বাট। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীকে আটক করে খবর দেওয়া হয় আরপিএফ এবং গোলাবাড়ি থানায়।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া রুপোর পরিমাণ আনুমানিক ছয় কেজি, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ২ হাজার টাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন গোলাবাড়ি থানার পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ ওই রুপোর বারগুলি বাজেয়াপ্ত করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃত ব্যক্তি এত পরিমাণ রুপো কোথায় নিয়ে যাচ্ছিলেন এবং এর বৈধ কোনও নথি তাঁর কাছে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
















