আজকাল ওয়েবডেস্ক: এবারের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপির তারকা প্রচারকের তালিকায় ছিল মিঠুন চক্রবর্তীর নাম। আর মহাগুরুও তীব্র গরমের মধ্যে লাগাতার প্রচার করেছেন, রোড শো করেছেন।
ফলও মিলেছে হাতেনাতে। বিপুল ভোটে জয়লাভ করে বাংলায় সরকার গড়েছে বিজেপি। এরপরই বাংলায় জয়ের অন্যতম কারিগর মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর নিউটাউনের বাড়িতে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ফাটাকেষ্টও প্রশংসায় ভরিয়ে দেন শুভেন্দুকে। তাঁকে ‘পশ্চিমবঙ্গের সেরা মুখ্যমন্ত্রী’-র আখ্যা দেন। এদিন প্রশাসনিক সভার জন্য ডায়মন্ড হারবার যাওয়ার আগে মিঠুনের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু।
প্রায় এক ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয়। তিনি বলেন, ‘মিঠুনদা গত পাঁচ-ছয় বছরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ বদলে দিয়েছেন। তিনি ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখ হয়ে উঠেছেন। শুধু বাংলাতেই নয়, গোটা দেশেই তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তাঁর অনুরাগী শুধু বিজেপির মধ্যেই নন, বিজেপির বাইরেও রয়েছেন।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ছ’বছর ধরে রাজ্যে পরিবর্তন আনার জন্য মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন। নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। উনি আমাকে জানিয়েছিলেন, আমার সঙ্গে দেখা করতে যেতে চান। আমি বলেছি, আপনি আসবেন কেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।’
শুভেন্দু আরও বলেন, ‘একসময় খেলার মাঠে যেমন জনপ্রিয়তা ছিল, তেমনই সিনেমার জগতেও মিঠুনদার আলাদা জায়গা ছিল। ক্লাস এইট পাস করার পর থেকেই তাঁর সিনেমা দেখতাম। মিঠুনদার জায়গা সবসময়ই আলাদা।’
অন্যদিকে, মিঠুনও দরাজ সার্টিফিকেট দেন শুভেন্দুকে। বলেন, ‘এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে এই কথা বলছি। শপথ নেওয়ার পর থেকে উনি কাজ করে চলেছেন। আমরা গর্বিত ওঁর জন্য। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করতেই হবে। সেই কাজ সম্পূর্ণ করার আগে আমি মুখ্যমন্ত্রীকেও জানাব। মুখ্যমন্ত্রীও বলেছেন, কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না।’















