আজকাল ওয়েবডেস্ক: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তার করা হয়েছে ট্যাক্সি চালককে।


বুধবার রাতে হাওড়া পুলিশ কমিশনারেটের নিশ্চিন্দা থানা এলাকার অভয়নগর মাঠের কাছে একটি নীল-সাদা ট্যাক্সিকে আটক করেন এসটিএফ-এর আধিকারিকরা। নিশ্চিন্দা থানার পুলিশের সহযোগিতায় গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালক রাজেশ কানওয়ারকে হাতেনাতে ধরা হয়। তিনি বরানগর থানা এলাকার অশোকগড়ের বাসিন্দা।


ট্যাক্সিটি থেকে উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে:
৪টি ৭ মিমি ইমপ্রোভাইজড পিস্তল
১টি দেশীয় তৈরি ওয়ান-শট পিস্তল
৪টি ম্যাগাজিন
২৯ রাউন্ড বিভিন্ন মাপের কার্তুজ


উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বেআইনি অস্ত্র চালানের নেপথ্যে বড় কোনও চক্র যুক্ত রয়েছে কি না এবং এগুলো কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্তে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ।