আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব শুভাঞ্জন দাস (আইএএস)-কে অতিরিক্ত দায়িত্ব দিল রাজ্য সরকার। মঙ্গলবার জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব এবং তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা শুভাঞ্জন দাসকে মৎস্য, অ্যাকুয়াকালচার, জলজ সম্পদ ও মৎস্য বন্দর উন্নয়ন দপ্তরের সচিবের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। নিয়মিত সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।


জনস্বার্থে এই নির্দেশ জারি করেছে রাজ্য সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর। অন্যদিকে রাজেশ পাণ্ডে (আইএএস, পশ্চিমবঙ্গ ক্যাডার: ১৯৯৫), বর্তমানে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, তাঁর নিয়মিত দায়িত্বের পাশাপাশি সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন। সমবায় দপ্তরে নিয়মিত অতিরিক্ত মুখ্য সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই অতিরিক্ত দায়িত্বে থাকবেন।

প্রসঙ্গত, রাজ্য প্রশাসনে গতি আনতে এবং কাজের খোলনলচে বদলে ফেলতে নবান্নের তরফ থেকে একযোগে বড়সড় রদবদল করা হয়েছিল। গত ৯ জুন, মঙ্গলবার রাতে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনের আবহ কেটে যাওয়ার পরেই এই প্রশাসনিক রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নতুন এই নির্দেশিকায় আইএএস (IAS) স্তরের একাধিক শীর্ষ আধিকারিককে নতুন দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে।

প্রশাসনিক এই রদবদলে সবচেয়ে নজরকাড়া নাম হল নন্দিনী চক্রবর্তী। একসময় রাজ্যপালের সচিব পদ থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ সামলানো ১৯৯৪ ব্যাচের এই আইএএস আধিকারিককে এবার জোড়া দপ্তরের বড় দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে 'প্রিন্সিপাল কো-অর্ডিনেটর অফ ডেভেলপমেন্ট ওয়ার্কস' হিসেবে কর্মরত নন্দিনী চক্রবর্তীকে এবার আবাসন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব করার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়ো-টেকনোলজি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

 

&t=1s