দীক্ষা ভুঁইয়া: নবনির্বাচিত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যদের অনেকেই প্রথম বারের জন্য বিধায়ক হয়েছেন। তাঁদের মধ্যে কেউ প্রথমবার বিধায়ক হয়েই মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন। অনেকেরই আইন বা বিধানসভা পরিচালনার কোনও অভিজ্ঞতা নেই।
এই সব কারণেই দু’দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ৩ জুলাই কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
নতুন বিধায়কদের আইন প্রণয়ন, বিধানসভা পরিচালনা এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্যই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির মতো বিধায়করাও।
দু’দিনের এই কর্মসূচিতে বিধায়কদের জন্য একাধিক বিষয়ভিত্তিক কারিগরি অধিবেশনের আয়োজন করা হয়েছে। আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে- একজন কার্যকর আইনপ্রণেতা হিসেবে ভূমিকা, বিধায়কদের সংসদীয় রীতি-নীতি ও আচরণবিধি, প্রশ্নোত্তর পর্ব ও অন্যান্য সংসদীয় পদ্ধতির মাধ্যমে নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা, সংসদের স্থায়ী কমিটি ব্যবস্থা, আইন প্রণয়নের প্রক্রিয়া ও ব্যক্তিগত সদস্যদের বিল, আর্থিক কার্যক্রম ও বাজেট প্রক্রিয়া, সংসদীয় বিশেষাধিকার ও নৈতিকতা এবং ন্যাশনাল ই-বিদান অ্যাপ্লিকেশন (NeVA)-এর ব্যবহার।
দেশের বিভিন্ন প্রান্তের বিধানসভার অধ্যক্ষ, সংসদ সদস্য, সাংবিধানিক বিশেষজ্ঞ এবং সংসদীয় বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিরা এই অধিবেশনগুলিতে সভাপতিত্ব ও বক্তব্য রাখবেন। কর্মসূচির মাধ্যমে আইন প্রণয়নের প্রক্রিয়া, সংসদীয় প্রতিষ্ঠান, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং সেরা অনুশীলন সম্পর্কে নবনির্বাচিত বিধায়কদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
লোকসভা সচিবালয়ের Parliamentary Research and Training Institute for Democracies এবং West Bengal Legislative Assembly-এর যৌথ উদ্যোগে এই ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।















