আজকাল ওয়েবডেস্কঃ সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি পুলকার ফোর্ট উইলিয়ামের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছিল, সেই সময়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত চারজন।
সূত্রের খবর, স্কুল পড়ুয়াদের নিয়ে একটি পুলকার পার্ক স্ট্রিট দিয়ে ফোর্ট উইলিয়ামের দিকে যাচ্ছিল। ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। ফোর্ট উইলিয়ামের কাছে ওই পুলকার ও একটি প্রাইভেট গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যক্তিগত গাড়িটিই একটি স্কুল ভ্যানকে ধাক্কা মারে বলে অভিযোগ।দুর্ঘটনায় আহত চারজন। এর মধ্যে রয়েছে তিনজন স্কুল পড়ুয়াও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত গাড়িটি রেড রোডের দিক থেকে আসছিল। জেএন আইল্যান্ডের কাছে সেটি স্কুল ভ্যানটিকে ধাক্কা মারে। স্কুল ভ্যানটি পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছিল এবং তাতে একাধিক স্কুল পড়ুয়া ছিল।
দুর্ঘটনায় তিনজন স্কুল পড়ুয়া এবং স্কুল ভ্যানের চালক আহত হন। আহতদের সকলকেই চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে কিছুদিন আগেই ভয়াবহ পথ দুর্ঘটনা শহর কলকাতায়। খান্না ক্রসিংয়ের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। মৃতদের মধ্যে একজন ডেলিভারি বয় বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ একটি ইলেকট্রিক স্কুটিতে নিয়ে যাচ্ছিলেন তারা। অভিযোগ, দু’জনের কারোর মাথাতেই হেলমেট ছিল না। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় স্কুটি নিয়ে তারা আচমকাই ট্রাম লাইনে পড়ে যান।
সেই সময় পিছন থেকে একটি বেসরকারি বাস আসছিল। ওই বাসের চাকা তাদের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনেরই। দুর্ঘটনার পর বাসটিকে আটক করেছে পুলিশ। তবে বাসের চালক পলাতক বলে জানা গিয়েছে। তার খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।















