আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেই বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতে রাজ্য়জুড়ে অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন পুলিশকে। সেই সূত্রেই এবার কলকাতার বাঁশদ্রোণী এলাকায় অভিযান চালিয়ে সত্যব্রত বসু রায় নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের কাছ থেকে দুটি সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং চারটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার পুলিশের কাছে খবর আসে বাঁশদ্রোণী এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে। খবর পাওয়া মাত্রই অ্য়াকশনে নামে বাঁশদ্রোণী থানার পুলিশ। এলাকায় তল্লাশি চালানোর সময়ই ওই যুবকের খোঁজ মেলে। সত্যব্রত বসু রায় নামে ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় দুটি উন্নতমানের সেমি-অটোমেটিক (Semiautomatic) আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং অস্ত্রগুলিও বাজেয়াপ্ত করা হয়।

কীভাবে ওই যুবকের কাছে এই ধরনের অস্ত্র এল, এর পিছনে কোনও বেআইনি অস্ত্র পাচার চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ভোটের আগে থেকেই বিপুল অস্ত্র উদ্ধার হয়ে চলেছে কলকাতায়। কলকাতায় স্ট্র্যান্ড রোডে বিহারের বাসিন্দা এক নাবালকের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এর মধ্যে দু’টি সাত এমএম পিস্তল ছিল। পাওয়া যায় ৪০টি কার্তুজও।  

এর আগেও পশ্চিমবঙ্গে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে বিহার-যোগের কথা উঠে এসেছে। বিহারের বেআইনি অস্ত্র তৈরির কারখানায় অতীতে হানাও দিয়েছিল এ রাজ্যের পুলিশ। বুধবারের উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথায় তৈরি, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরেই ধৃত সত্যব্রতের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অস্ত্র আইনের ২৫(১বি)(এ)/২৯ ধারায় (Case no. 94) একটি মামলা রুজু করা হয়েছে।