আজকাল ওয়েবডেস্ক: রবিবার ব্লু লাইনের একাংশে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশনে সংস্কারের কাজ হবে। পাশাপাশি, কাজ চলবে শহিদ ক্ষুদিরাম স্টেশনেও।

এর জন্য ১৭ মে অর্থাৎ রবিবার শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্র্যাফিক ব্লক নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রে খবর, শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল সুবিধা চালুর কাজের জন্যই এই ট্র্যাফিক ব্লক প্রয়োজন। এর জেরে রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো পরিষেবা চলবে না।

তবে ওই দিন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত স্বাভাবিক সূচি অনুযায়ী মেট্রো চলাচল করবে বলে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ মে সোমবার থেকে আবার সম্পূর্ণ ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে।

অন্যদিকে, আগামী ১৫ মে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হতে চলেছে। অরেঞ্জ লাইনের কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ।

দুই দফায় মোট ১২০ ঘণ্টা বাইপাসের কিছু অংশে যান চলাচল বন্ধ থাকবে। কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তা জানিয়েছে কলকাতা পুলিশ।

এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এটি আগামী শুক্রবার ১৫ মে রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৬০ ঘণ্টার জন্য এবং আবার আগামী চিংড়িঘাটা মোড়ের উত্তরমুখী যান চলাচল আংশিক বন্ধ থাকবে। ২২ মে শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত একটানা ৬০ ঘণ্টা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। ওই সময় দক্ষিণমুখী যান চলাচল আংশিক বন্ধ থাকবে।

প্রথম পর্যায়ে, অর্থাৎ উত্তরমুখী বন্ধের সময়, চিংড়িঘাটা ফ্লাইওভারের নীচে চিংড়িঘাটার কাছে ইএম বাইপাসের পশ্চিম অংশ বন্ধ থাকবে এবং দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ দক্ষিণমুখী বন্ধের সময়, চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসের পূর্ব অংশ বন্ধ থাকবে। এই সময়, নীচে উল্লিখিত রাস্তার গাড়ি অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে।