আজকাল ওয়েবডেস্ক: খোদ কলকাতার বুকে উদ্ধার নাবালিকা-সহ দু'জন মহিলা। দক্ষিণ কলকাতার কসবা থানা এলাকার অন্তর্গত রাজডাঙ্গা মেন রোডে মঙ্গলবার অভিযান চালায় পুলিশ। সেখানে একটি গেস্ট হাউসে তল্লাশি চালিয়ে তিনজনকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'প্রকৃতি'-র দেওয়া তথ্যের ভিত্তিতেই কসবার ওই গেস্ট হাউসে তল্লাশি চালায় তাঁরা। কসবা থানা এলাকার ব্লক-এফবি, প্লট নং-২৫, পি-২, প্যালেস গেস্ট হাউসে অভিযান ও তল্লাশি চালানো হয়। সেই সময় ওই গেস্ট হাউসে ছিল মোট তিনজন। এদের মধ্যে একজন নাবালিকা। বয়স ১৫ বছরের কাছাকাছি। অন্য দু'জন প্রাপ্তবয়স্ক মহিলা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই মোট চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। এঁদের মধ্যে রয়েছেন গেস্ট হাউসের ম্যানেজার আকাশ গাঙ্গুলি (২০)। তিনি অশোকনগরের বাসিন্দা। ওই গেস্ট হাউসের রিসেপশনিস্ট অনমোল ঠাকুর (২৪)। রয়েছেন মহম্মদ আশিফ (৩১)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সরাসরি মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত। এই চক্রের সঙ্গে জড়িত তাঁর স্ত্রী মুশকান পারভিন (২৭)-কেও গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গেও মানবপাচার চক্রের যোগ থাকতে পারে। ধৃতদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানা হবে। খতিয়ে দেখা হবে কতদিন ধরে এই কার্যকলাপ চলছিল এবং এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
















