আজকাল ওয়েবডেস্ক: একুশে জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠান ঘিরে ফের বিপাকে কালীঘাট তৃণমূল শিবির। এবার কালীঘাট তৃণমূল শিবিরের বিরুদ্ধে নিয়ম অমান্যের অভিযোগ তুলে দায়ের হল মামলা। 

২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ক্যাথিড্রাল রোডে অনুষ্ঠিত কালীঘাট তৃণমূল শিবিরের কর্মসূচিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) মামলা দায়ের করেছে হেস্টিংস থানার পুলিশ।

অভিযোগে বলা হয়েছে, কালীঘাট তৃণমূলের কর্মসূচির আয়োজক, কনভেনার এবং সমর্থকরা ক্যাথিড্রাল রোডের পশ্চিম দিক দখল করে রাখেন। ফলে ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। অথচ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ক্যাথিড্রাল রোডের পশ্চিমাংশ যানবাহন চলাচলের জন্য খোলা রাখার কথা ছিল।

এই ঘটনায় হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে হেস্টিংস থানায় সুয়ো মোটো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

প্রসঙ্গত, কলকাতা হাই কোর্ট কালীঘাট তৃণমূলকে ২১ জুলাই কর্মসূচির জন্য স্থান নির্দিষ্ট জানিয়ে দিয়েছিল। ছিল কয়েকটি শর্তও। গত বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অনধিক তিন হাজার লোক নিয়ে ওই কর্মসূচি পালন করতে পারবে কালীঘাট তৃণমূল শিবির। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এক দিকের রাস্তা ব্যবহার করে কর্মসূচি করতে পারবে কালীঘাট তৃণমূল। পাশাপাশি অন্য দিকের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে। আদালত জানিয়েছিল, দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত করা যাবে ওই কর্মসূচি।