আজকাল ওয়েবডেস্ক:  রাজ্য সরকারের মুখোমুখি কর্মসূচিতে বৃহস্পতিবার প্রায় ৪০টি অভিযোগ জমা পড়ে। অভিযোগগুলির অধিকাংশই ছিল অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত। সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।


মন্ত্রী জানান, এদিন অভিযোগের বেশিরভাগই অবৈধ পার্কিং ও ফুটপাত দখল নিয়ে। তবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেইমতো দুর্গাপুজো পর্যন্ত হকারদের বিরুদ্ধে কোনও উচ্ছেদ অভিযান চালানো হবে না। ফলে আপাতত হকারদের ক্ষেত্রে ছাড় থাকলেও, অবৈধ পার্কিং বা ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসন কোনওরকমভাবে আপোস করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। সাধারণ মানুষের উদ্দেশে অগ্নিমিত্রা পালের বার্তা, কেউ যদি মনে করেন ফুটপাত দখল করে গাড়ি রাখা যাবে, তবে সেই ধারণা সম্পূর্ণ ভুল। সবাইকে আইন মেনে চলার এবং নিজেদের অভ্যাস পরিবর্তন করার কথা বলেন মন্ত্রী।

পাশাপাশি শুক্রবারে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন মন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের উপর হামলায় জড়িত কাউকেই ছাড়া হবে না। গুন্ডা দমন আইন এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যই আনা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


ছাত্র আন্দোলনের প্রসঙ্গেও অগ্নিমিত্রা পাল বলেন, একটি রাজনৈতিক দলের মদতে দেশবিরোধী স্লোগান ও বক্তব্য সামনে এসেছে। সরকার ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকারকে সম্মান করলেও, রাজনৈতিক মদতপুষ্ট দেশবিরোধী কার্যকলাপকে কোনওভাবেই সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি।


একইসঙ্গে বাম দলগুলিকেও নিশানা করে মন্ত্রী বলেন, যদি তারা সত্যিই সাংবাদিকদের নিগ্রহকে সমর্থন না করে থাকে, তাহলে তাদের কর্মসূচিতে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া তাদের সাংগঠনিক ব্যর্থতারই প্রমাণ। তাঁর দাবি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বামপন্থীরা রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়বে।

&t=28s