আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় আরও দুর্নীতির পর্দাফাঁস। বড়সড় সাফল্য কলকাতা পুলিশের। এবার জাল লটারি টিকিট তৈরির ও বিক্রির চক্রের সন্ধান পেল কলকাতা পুলিশ। এই চক্রে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে তারা। 

 

সূত্রের খবর, গতকাল, রবিবার গভীর রাতে জাল লটারি টিকিট তৈরি ও বিক্রির চক্রের বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে এআরএস-এর একটি দল কলকাতার ট্যাংরা থানার অন্তর্গত একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালায়। গতকাল মঠেরস্বরতলা লেনের একটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেই এলাকা থেকেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

এই তল্লাশি অভিযানের সময় সেখানে চারজনকে কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন আকারের ও বিভিন্ন রঙের প্রিন্টআউট ছাপানো, কাটা, স্ট্যাপল করা এবং বিভিন্ন রাজ্যের সরকারি লটারির টিকিটের আদলে জাল লটারি টিকিট তৈরি করতে দেখা যায়। 

 

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টিকিটগুলির মধ্যে ধনলক্ষ্মী, চেরাপুঞ্জি, ভুটান স্টেট লটারি, ড্রিম সুপার, গোল্ডেন মর্নিং, ডিয়াবান মর্নিং-সহ একাধিক নাম ও নম্বরযুক্ত জাল লটারি টিকিট ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ওই কাজের কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি এবং এ সংক্রান্ত কোনও বৈধ নথিপত্রও দেখাতে ব্যর্থ হন। 

 

তবে এই প্রথমবার নয়। এর আগেও জাল লটারি টিকিট তৈরির চক্রের সন্ধান পাওয়া গিয়েছিল বাংলার একাধিক জেলায়। গত বছর ঝাড়গ্রামে, উত্তরবঙ্গের ময়নাগুড়িতে জাল লটারি টিকিট তৈরির চক্রের সন্ধান পেয়েছিল পুলিশ। একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায়। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার খাস কলকাতায় এই ধরনের চক্র ফাঁস হল।