আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টে হকার উচ্ছেদ মামলার শুনানিতে এক আবেগঘন ও নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলেন আইনজীবী এবং আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ। শুনানি শেষে এজলাস থেকে যখন আইনজীবীরা একে একে বেরিয়ে আসছিলেন, ঠিক তখনই এক আবেগপূর্ণ মুহূর্তের কথা তুলে ধরেন আইনজীবী শামীম আহমেদ। বর্ষীয়ান আইনজীবী তথা বামপন্থী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাত শক্ত করে ধরে তিনি উপস্থিত সবাইকে দাঁড়াতে বলেন।

শামীম আহমেদ আবেগঘন কণ্ঠে সংবাদমাধ্যমের সামনে বলেন, "গত ২০ বছরের ইতিহাসে এই প্রথমবার আমি দেখলাম যে হকারদের পক্ষে সওয়াল করার সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চোখ অশ্রুসজল হয়ে উঠেছিল।" শামীম আহমেদ আরও যোগ করেন, পেশাদারী আবেগের এমন এক অনন্য টান না থাকলে হকারদের পক্ষে এই ধরনের নিখরচায় (Pro bono) জোরালো আইনি লড়াই লড়া সম্ভব নয়।

সহকর্মীর মুখে নিজের এই প্রশংসায় দৃশ্যতই কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। নিজের কোনও  ব্যক্তিগত প্রচার হোক তা হয়তো তিনি চাননি, তাই এই বক্তব্য চলাকালীনই কিছুটা কুণ্ঠিত বোধ করে তিনি সেখান থেকে সরে যান। এজলাসে যাঁর তীক্ষ্ণ সওয়াল এবং রাশভারী ব্যক্তিত্ব দেখতে সবাই অভ্যস্ত, হকারদের মতো শ্রমজীবী মানুষের অধিকারের লড়াইয়ে তাঁর এই আবেগ এবং চোখের জল উপস্থিত সহকর্মীদের গভীরভাবে নাড়া দিয়েছে। তবে একজন বামপন্থী হিসেবে নিজের শ্রেণীর মানুষের প্রতি এই গভীর সহমর্মিতা তাঁর কাছ থেকে প্রত্যাশিতই ছিল বলে মন্তব্য করছেন রাজনৈতিক ও সামাজিক মহলের একাংশ।