আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রোর ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হল শুক্রবার। এদিন ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে সফলভাবে ব্রেকথ্রু সম্পন্ন করল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত, নেপালের কনসাল জেনারেল, কলকাতা পুরসভার কমিশনার, হাওড়া পুলিশ কমিশনার, মেট্রো রেলের ঊর্ধ্বতন আধিকারিক, রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL), নির্মাণকারী সংস্থা এলঅ্যান্ডটি (L&T)-র প্রতিনিধিরা এবং অন্যান্য অতিথিরা।

শুক্রবার সকাল ১০.৩০ নাগাদ টানেল বোরিং মেশিন থেকে সফলভাবে ব্রেকথ্রু সম্পন্ন করা হয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত টানেল নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশের কাজের সূচনা হয়েছিল গত বছর ১০ জুলাই।

তার ঠিক এক বছর পর সেই টানেল নির্মাণের গুরুত্বপূর্ণ পর্ব সফলভাবে শেষ করল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। এই সাফল্য প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার পরিকল্পনা, দক্ষতা, দলগত প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের প্রতিফলন বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

এই উপলক্ষ্যে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী, প্রকৌশলী এবং আধিকারিকদের অভিনন্দন জানান। তিনি বলেন, অত্যন্ত সুরক্ষিত, পরিকল্পিত এবং পেশাদার পদ্ধতিতে টানেল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

পুরো প্রকল্প চলাকালীন শহরের উপরিভাগের যান চলাচল স্বাভাবিক রেখে সর্বোচ্চ মানের নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখা হয়েছে, যা প্রকল্পের অন্যতম বড় সাফল্য।

মেট্রো কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে এই করিডর চালু হলে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। মেট্রো রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের আধুনিক গণপরিবহণ ব্যবস্থার সম্প্রসারণ এবং ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে মেট্রো রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভিক্টোরিয়া স্টেশনে টানেল বোরিং মেশিন ‘দুর্গা’-র এই সফল ব্রেকথ্রুও সেই লক্ষ্যপূরণের অন্যতম উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।