আজকাল ওয়েবডেস্কঃ জাতীয় সড়কের বেহাল অবস্থাই ফের কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বালিহাটি এলাকায় জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা তথা বাইক রাইডার দেবাহুতি ব্যানার্জি (৪৪)-র।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার খড়গপুর হয়ে কলকাতায় ফিরছিলেন দেবাহুতি ব্যানার্জি। তাঁদের অভিযোগ, বালিহাটি এলাকায় জাতীয় সড়কের উপর থাকা একটি বড় গর্তে বাইকের চাকা পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। মুহূর্তের মধ্যেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন।
ঘটনার সময় একই বাইক রাইডিং দলের সঙ্গে ছিলেন তাঁর ছেলে অনিকেত। তিনি জানান, তিনি মায়ের থেকে কিছুটা সামনে অন্য একটি বাইকে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত দেবাহুতিকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে রবিবারই তাঁর মৃত্যু হয়।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ময়নাতদন্তের পর রাতে তাঁর মরদেহ কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পরিবার-পরিজন ও বাইক রাইডিং মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এদিকে, দুর্ঘটনার পর জাতীয় সড়কের বেহাল অবস্থা ও রাস্তাজুড়ে গর্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অংশে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হলেও যথাযথ মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পরিস্থিতির তেমন পরিবর্তন না হওয়ায় প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
















