আজকাল ওয়েবডেস্ক: বুধবার দুপুর। আলিফা আহমেদের বিধানসভা কেন্দ্রে বৈঠক চলছিল মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের। সেই সময়েই, আচমকা ফেসবুক লাইভ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টানা দীর্ঘক্ষণের লাইভে, মহুয়া দেখান, তাঁদের বৈঠক যেখানে হচ্ছিল, ঠিক তার নীচেই হাজির বহু মানুষ। তাঁরা ডিম ছুঁড়ছেন মহুয়াদের লক্ষ করে। মহুয়া ক্রমাগত বলতে থাকেন লাইভে, যাঁরা ডিম-কাল পতাকা নিয়ে দাঁড়িয়ে নীচে, তাঁরা সাধারণ মানুষ নন। তাঁরা বিজেপির কর্মী-সমর্থক। রীতিমতো জুম করে তিনি চেহারা স্পষ্ট করার চেষ্টা করেন লাইভেই। এক সময়ে মহুয়া দলীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকেন জানালার সামনে। তাঁর সেই ছবি বুধবার থেকেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিষেক ব্যানার্জি থেকে অখিলেশ যাদব, বহু নেতা ঘটনার বিরোধিতায় সরব হয়েছেন। ঠিক এই সময়েই, সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আরও এক পোস্ট।
বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের পোস্ট। তিনি ফেসবুকে, দীর্ঘসময় ধরে মহুয়ার প্রতি ডিম ছোড়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একপ্রকার তাঁর পাশে দাঁড়িয়ে সওয়াল করেছেন বিকাশ। স্পষ্ট করেছেন, মহুয়া তাঁর রাজনৈতিক শত্রু হলেও, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁকে হেনস্থা করা হল তা সভ্য গণতান্ত্রিক সমাজের পক্ষে লজ্জার ।
কী লিখেছেন বাম নেতা? লিখেছেন-'মহুয়া মৈত্র আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু তিনি একজন সাংসদ । তাঁর বিরুদ্ধে জুলুম বাজির কোনও অভিযোগ আছে বলে আমার জানা নেই ।' সঙ্গেই তাঁর সংযোজন, 'আজ যেভাবে তাঁকে হেনস্থা করা হল তা সভ্য গণতান্ত্রিক সমাজের পক্ষে লজ্জার । এই অসভ্যতার বিরুদ্ধে সভ্য সমাজের প্রতিটি মানুষের প্রতিবাদ করা উচিৎ ।'
মহুয়া গত কয়েকদিনে, বারে বারে সরব হয়েছেন 'গণতন্ত্র' নিয়ে। কখনও নিজের এলাকার পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়, কখনও মমতার বাড়ির সামনে দাঁড়িয়ে তুলোধোনা করেছেন বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের। বুধবার মহুয়া আচমকা ফেসবুক লাইভ করে, একপ্রকার আর্তনাদ করেন।
ফেসবুক লাইভে, কৃষনগরের সাংসদ বলেন, 'আমরা কালীগঞ্জে, দলীয় কার্যালয়ে, দলের মিটিং করছি। নীচে, বিজেপির লোক-মহিলারা রাস্তা আটকে, আমাদের বেরোতে দিচ্ছে না।' দলীয় কার্যালয়ের ওপরের তলা থেকে ফেসবুক লাইভ করে, নীচে দাঁড়িয়ে থাকা, বহু মানুষের ছবি দেখান। সঙ্গেই বলতে থাকেন, এই হচ্ছে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি। তবে শুরু থেকেই মহুয়ার অভিযোগ, বাইরে দাঁড়িয়ে থাকা বহু মানুষ, সাধারণ মানুষ নন, আসলে তাঁরা সকলেই বিজেপি কর্মী।
সঙ্গেই তিনি বলেন, 'এঁরা এখানে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখ দেখতে পাচ্ছেন, পুলিশ কোথায়? বিজেপির লোকেরা আমাদের মিটিংয়ের সামনে দাঁড়িয়ে কী করছেন, দেখুন। দেখুন, ইচ্ছাকৃতভাবে বিজেপি কী করছে।'
লাইভের মাঝেই দেখা যায়, নীচ থেকে বহু মানুষ ওপরের তলার দিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ছে। সেই সময়েও টানা লাইভ করে যান মহুয়া। তাঁকে বলতে শোনা যায়, 'সবাই দেখুন, কার ব্যাগে ডিম আছে, কে ডিম ছুড়ছে। মুখ দেখা যাচ্ছে স্পষ্ট। পরে পুলিশ বলবে আমরা চিনতে পারছি না।'















