আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ফের কালীঘাট থানায় অভিযোগ দায়ের। এবার কালীঘাট থানায় মোটর ভেহিকল আইন লঙ্ঘন করার অভিযোগ দায়ের করলেন বাগুইহাটির বাসিন্দা রাজিব সরকার। 

 

রাজিব সরকারের অভিযোগের ভিত্তিতে কালীঘাট থানার পুলিশ পদক্ষেপ করে। জানা গিয়েছে, কালীঘাট থানার পুলিশের তরফে অভিষেক ব্যানার্জিকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ করে, অভিষেককে জবাব দেওয়ার কথাও বলা হয়েছে। যদি জবাব না দেন তিনি, পরবর্তী পদক্ষেপ করবে কালীঘাট থানার পুলিশ এমনটাই সূত্রের খবর। 

 

কোন ভিত্তিতে অভিযোগ দায়ের? এয়ারপোর্ট থেকে অভিষেক ব্যানার্জি যখন কালীঘাটের বাড়ি এবং ভবানী ভবন যাচ্ছিলেন, তখন দেখা গিয়েছিল তাঁর গাড়ির দরজার বাইরে ঝুলেছিলেন নিরাপত্তারক্ষীরা।বিপজ্জনকভাবে গেটের কাছে ঝুলছিলেন তাঁরা, যা কলকাতা শহরে ঘোরা যায় না। ট্রাফিক আইন লঙ্ঘন করা, এই পরিপ্রেক্ষিতেই অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। সেই পরিপ্রেক্ষিতেই কালীঘাট থানার পুলিশ অভিষেক ব্যানার্জিকে নোটিশ দেয়। 

 

প্রসঙ্গত, গত মাসের শেষেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কলকাতার ভবানীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। ভবানীপুরেরই এক বাসিন্দা, অর্ণব কান্তি দাস, এই অভিযোগটি দায়ের করেছিলেন।

 

অভিযোগকারী অর্ণব চিঠিতে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিলেন, যাতে এই এক্স হ্যান্ডেল পোস্টটিকে খতিয়ে দেখে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

এর আগেও বিধাননগর থানায় এক বিজেপি কর্মী মামলা করেছেন অভিষেকের বিরুদ্ধে। নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্যের অভিযোগে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, এই এফআইআর-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করা মন্তব্যও অন্তর্ভুক্ত রয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৫ মে বাগুইআটির থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন রাজীব কুমাক নামের ওই ব্যক্তি। নির্বাচন চলাকালীন উস্কানিমূলক বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে, পাঁচটি ধারায় এফআইআর দায়ের করেছিল পুলিশ।