আজকাল ওয়েবডেস্ক: সোমবার উত্তর কলকাতা জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হল ‘তিরঙ্গা যাত্রা’। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে মৌলালি, এস.এন. ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা মানিকতলা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী অগ্নিমিত্রা পাল, বরানগরের বিধায়ক সজল ঘোষ, বিধায়ক বিজয় ওঝা, উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ দলের বিভিন্ন মণ্ডল, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

মিছিল প্রসঙ্গে বরানগরের বিধায়ক সজল ঘোষ দাবি করেন, ‘একই রুটে আগে যে মিছিল হয়েছিল, তার তুলনায় দ্বিগুণ মানুষের উপস্থিতি হয়েছে আমাদের কর্মসূচিতে।’

মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন বিজেপি কর্মীর হাতে আরশোলা মারার স্প্রে দেখা যায়। এই বিষয়ে তাঁদের দাবি, এটি প্রতীকী প্রতিবাদ। তাঁদের কথায়, ‘এই স্প্রে দিয়ে আরশোলার মতো দেশদ্রোহীদের সরিয়ে দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। সমাজে তাদের কোনও জায়গা নেই।’

অন্যদিকে, মন্ত্রী অগ্নিমিত্রা পাল পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ‘রাজ্যে এত দুর্নীতির অভিযোগ ওঠার পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনও পদত্যাগ করেননি। অথচ আমাদের শিক্ষামন্ত্রী নৈতিক দায় স্বীকার করে ইস্তফা দিয়েছেন।’

তাপস রায়ের বক্তব্য, ‘দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কুৎসিত পোস্টার ছড়ানো হচ্ছে। বাংলার মাটিতে, দেশের মাটিতে এসব চলবে না। সে কারণেই আমরা রাজপথে।’