আজকাল ওয়েবডেস্ক: বিধায়কদের শিক্ষামূলক কর্মসূচি উপলক্ষ্যে যোগ দিতে ইতিমধ্যেই গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

আজ, ৩ জুলাই এবং আগামিকাল ৪ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার উদ্যোগে এবং লোকসভার PRIDE-এর সহযোগিতায় ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যদের জন্য দু’দিনের ‘লেজিসলেটিভ বিজনেস’ ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অধিবেশন আজ সকাল ১০টা থেকে নিউ টাউন কনভেনশন সেন্টারে শুরু হয়েছে।

 

আর সেই কর্মসূচিতে অংশ গ্রহণ করতে এসে, একপ্রকার চমকে দিলেন গেরুয়া শিবিরের বিধায়করা। নিজেদের পেল্লাই গাড়ি হাঁকিয়ে নয়, এলেন সম্পূর্ণ ভিন্নভাবে। এ বারও গাড়ি করে নয়, বাসে করে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পৌঁছলেন বিধায়ক-মন্ত্রীরা।

৩ জুলাই, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান ‘লেজিসলেটিভ বিজনেস-এর। উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু-সহ দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভার একাধিক বিশিষ্ট অতিথি।

কিন্তু কেন নিজেদের গাড়ি ছেড়ে, বিধায়ক-মন্ত্রীরা একসঙ্গে বাসে করে এলেন কর্মসূচিতে? জানেন? বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই বিশেষ করে বিশ্ব-বাজারে তেল নিয়ে সংকটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, যতটা সম্ভব তেলের ব্যবহার কমাতে। খোদ মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ি কমানো হয়েছে বলে জানা যায়। তাছারা, বিধানসভার শপথ থেকে, পরের অধিবেশন, আন্না সময়ে বিধায়কদের নিজেদের গাড়ির পরিবর্তে অন্য উপায়ে আসতে দেখা গিয়েছে বিধানসভায়। দিনকয়েক আগেই, সাইকেলে করে বিধানসভায় পৌঁছেছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এবারেও সেই একই ঘটনার  পুনরাবৃত্তি কার্যত। পরিস্থিতির কথা মাথায় রেখে, পদক্ষেপ। শুক্রবার দেখা গেল বিধায়ক- মন্ত্রীরা নিজ নিজ গাড়ি নয়, বাসে করেই পৌঁছলেন নিউটাউনে ।