আজকাল ওয়েবডেস্ক: সোমবার নবনির্মিত রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হবে ধর্মীয় সমস্ত সহায়তামূলক প্রকল্প। এই সিদ্ধান্তের জেরে বন্ধ হয়ে যাচ্ছে পুরোহিত এবং ইমাম ভাতা। 

এরপরই নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সরকারের কাছে বড় 'আবেদন' রাখেন তিনি। বিকাশ রঞ্জন লেখেন, 'ইমাম -মোয়াজ্জেম -পুরোহিত ভাতা বন্ধের প্রস্তাব কে অভিনন্দন জানাই । আশা করি দুর্গাপূজার অনুদান ও মন্দির তৈরির প্রকল্প ও বন্ধ হবে।'

প্রসঙ্গত, এদিন ক্যাবিনেট বৈঠক শেষে পুরোহিত এবং ইমাম ভাতা বন্ধের ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা বলেন, “তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্ত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।”

এছাড়া, রাজ্যে সপ্তম পে কমিশনের ভিত্তিতে সরকারি কর্মীদের বেতনে সিলমোহর দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তাছাড়া, এদিন অন্নপূর্ণা যোজনার নীতিগত অনুমোদনও হয়েছে বলে জানা গিয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, “যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পে স্থানান্তর হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। দ্রুত পোর্টাল খোলা হবে।” তিনি আরও জানান, যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন।

এদিনের ক্যাবিনেট বৈঠকে ১ জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

একইসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণির তালিকার ক্ষেত্রে নতুন করে অনুসন্ধার করা হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা।