আজকাল ওয়েবডেস্ক: ফিরিয়ে আনতে হবে বাংলার সেই হৃত গৌরব। এমন একটা পরিবেশ এখানে হওয়া দরকার যেখানে বিভিন্ন 'উদ্যোগ'-এর বিপ্লবের সঙ্গে এখানে প্রযুক্তির বিশ্বজনীন কেন্দ্র হবে। যেখানে বিকশিত হবে আধ্যাত্মিক চেতনা। শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। 

রাজস্থান ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন ফোরামের সংস্থাপক সন্দীপ ভুতোরিয়া, সহ সভাপতি এইচ এম বাঙ্গুর-সহ অন্যরা। এদিন লোকসভার অধ্যক্ষকে কলকাতার বিভিন্ন সংগঠনের তরফে অভিনন্দন জানানো হয়। সন্দীপ ভুতোরিয়া নিজে অধ্যক্ষকে 'গীতাঞ্জলি' উপহার দেন। 

অধ্যক্ষ বলেন, "বাংলায় জন্ম নেওয়া বহু মহাপুরুষ বিশ্বকে আধ্যাত্মিক চেতনার দিশা দেখিয়েছেন। এখানকার চিন্তা সবসময়ই রাষ্ট্রবাদী। এই রাজ্য হল উত্তর-পূর্ব ভারতের প্রবেশ পথ।" 

বাংলার এই পুনরুত্থান-এর বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান লোকসভার স্পিকার।

এদিকে শুক্রবার নব নির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টশন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সুশাসনের উপরে জোর দেন তিনি। অধ্যক্ষ বলেন, "মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টি রয়েছে। তিনি গণতন্ত্র মজবুত করার কাজ করছেন।" মুখ্যমন্ত্রীর পরিষদীয় দক্ষতার প্রশংসাও করেছেন ওম বিড়লা।