আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাটে বদল, তারই আঁচ এবার কলকাতার সুরুচি সংঘের পুজো কমিটিতেও। ভেঙে দেওয়া হল সুরুচি সংঘের এতদিনের পুজো কমিটি। আউট 'বিশ্বাস ব্রাদার্স', ইন বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদার। এতদিন এই পুজোর উদ্যোক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ। এবার সুরুচির নতুন সম্পাদক হলেন দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার। এই বদল নিয়েই মুখ খুলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। স্বভাবসিদ্ধবাবেই তাঁর সাফ কথা, "এ তো সবে পরিবর্তন শুরু হয়েছে।"

কী বলছেন দিলীপ ঘোষ?
ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় রাজ্যের ঘটে চলা নানা ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। সুরুতি সংঘের পুজো কমিটিতে অরূপ ও স্বরূপের 'আউট' প্রসঙ্গে তিনি বলেছেন, "এ তো সবে পরিবর্তন শুরু হয়েছে। ক্লাব, স্পোর্টস অর্গানাইজেশন, অন্যান্য সামাজিক সংস্থা সব জবর দখল। এমনকি নার্সিংহোম হসপিটাল পর্যন্ত দখল করে নেয়া হয়েছে লোকেদের কাছ থেকে। দোকানপাট পর্যন্ত দখল করে নেয়া হয়েছে দখলের রাজনীতি এবার মুক্ত হচ্ছে। মানুষ যারা ক্লাব চালাচ্ছেন তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। যারা দুর্গাপূজা করেন তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। যারা খেলাধুলা করেন তাদের হাতে খেলাধুলার সংস্থা গুলো ছেড়ে দেওয়া উচিত, তবে না উন্নতি হবে। সব জায়গায় অযোগ্য আর চোর গুলো বসেছে বলে কাজকর্ম বন্ধ হয়ে গেছে।"

নয়া দায়িত্ব পেয়েই কী বলেছেন সৌরভ শিকদার? 
আগামী ১৬ জুলাই সুরুচি সংঘের খুঁটি পুজো হবে। সৌরভ শিকদার বলেন, "পুজো নিষ্ঠার সঙ্গে হবে। সুন্দর করে মায়ের পুজো হবে। আয়োজনে কোনও খামতি থাকবে না। আগের কমিটি মমতা ব্যানার্জির লেখা থিম সং বাজাতেন। আমরা কবিগুরুর গান বাজাতে পারি, বন্দে মাতরমও বাজাতে পারি। আমাদের মুখ্যমন্ত্রী আসবেন। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের কাজটা করতে জানেন।"

যদিও রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকেও নিশানা করেছেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক। বলেছেন, "অরূপ বিশ্বাস কোথায় আছে ঠিক জানিনা, মাঝে মাঝে কোর্টে দেখি বেল নিতে যায়। আমরা চাই ওই সর্বজনীন কনসেপ্টটা ফিরিয়ে আনতে। সবার পার্টিসিপেশন থাকবে, সবার সাজেশন থাকবে, সবার সমালোচনা থাকবে এবং সবাই মিলে পুজো করবে।"