আজকাল ওয়েবডেস্ক: সোমবার ঝটিকা সফরে কলকাতা এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দর থেকে সোজা ইকো পার্ক, আর সেখান থেকে তিনি প্রথমে আশুতোষ মুখার্জির ভবানীপুরের বাড়িতে যান। ৬ জুলাই ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, সেখানে শ্রদ্ধা জানিয়ে টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে যান অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি ও নিশীথ প্রামাণিক। কলকাতায় এসে প্রসেনজিতের বাড়িতে কেন গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? সেই জল্পনা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কিছুক্ষণ পরেই সেই জল্পনার অবসান ঘটান স্বয়ং অমিত শাহ-ই। এক্স হ্যান্ডলে জানান, কেন তিনি প্রসেনজিতের বাড়ি গিয়েছিলেন।
প্রসেনজিতের সঙ্গে দেখা করার পর অমিত শাহ ইংরেজি ও বাংলা ভাষায় লিখেছেন, ''বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে তাঁর বাসভবনে আন্তরিক সাক্ষাৎ করলাম। ‘বিশেষ জনসংযোগ অভিযান’-এর অংশ হিসেবে, গত ১২ বছরে মোদি সরকারের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করলাম।’
এ প্রসঙ্গে বলে রাখা যাক, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী পদে ১২ বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদি। সেই কর্মসূচিরই অংশ হিসেবে ‘বিশেষ জনসংযোগ অভিযান’ শুরু করেছে গেরুয়া শিবির। সেই অভিযানের সূত্র ধরেই এবার প্রসেনজিতের বাড়িতে পা রাখলেন অমিত শাহ। বিজেপির একটা অংশ আবার দাবি করেছে, দিনকয়েক আগে যখন পদ্মশ্রী নিতে দিল্লিতে গিয়েছিলেন প্রসেনজিৎ, সেই সময়ই তাঁর সঙ্গে অমিত শাহের দেখা হয়েছিল। ওই সাক্ষাতে কলকাতা এলে শাহকে তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ‘ইন্ডাস্ট্রি’। সেই সূত্রেই সোমবার প্রসেনজিতের বাড়িতে এসে প্রায় মিনিট পনেরো ছিলেন শাহ।
সোমবার কলকাতায় শাহের যে সব কর্মসূচি নির্ধারিত ছিল, সেখানে প্রসেনজিতের সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ ছিল না। কলকাতা বিমানবন্দরে নামার পর অমিত শাহ প্রথমে ইকো পার্কে যান। সেখানে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে। সেখানে কিছুক্ষণ থেকে মিলন মেলায় শ্যামাপ্রসাদকে নিয়ে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল শাহর। তবে ভবানীপুর থেকে বেরিয়ে প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খুব স্বাভাবিক ভাবেই বাংলা সিনেমা জগতের প্রথিতযশা অভিনেতার সঙ্গে শাহের সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।















