আজকাল ওয়েবডেস্ক: গলা নিয়ে ব্যাপক গোলমালে অভিষেক। স্বস্তির বদলে দিনে দিনে বাড়ছে অস্বস্তি। এবার কোর্টের ধমক খেয়ে সিআইডি'র নির্দেশকে চ্যালেঞ্জ করে করা মামলা প্রত্যাহার করলেন ডায়মন্ড হারবারের সাংসদ? সূত্রের খবর তেমনটাই।
ভোটের আগে ডিজে মন্তব্যে, বেজায় বিপাকে অভিষেক। ওই মামলায় সিআইডি, অভিষেক ব্যানার্জির গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চায় তদন্তের স্বার্থে। অভিষেকের আপত্তি সেখানেই। ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, তিনি অস্বীকার করেননি, ওই গলা, বক্তব্য তাঁর নয়। তাহলে কেন তিনি নমুনা দেবেন? ইতিমধ্যেই তিনি দু'বার 'ডেট' এড়িয়েছেন।
শুক্রবার ওই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে। সেখানেই চরম ভর্ৎসনার মুখে পড়েন অভিষেক ব্যানার্জির আইনজীবী। আদালত মনে করিয়ে দেয়, অভিষেককে দেওয়া রক্ষাকবচের অন্যতম শর্ত ছিল, তিনি সহযোগিতা করবেন তদন্তে। তিনি সহযোগিতা না করলে, রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়া হয় বলেও খবর সূত্রের।
সূত্রের খবর, বিচারপতির ধমক খেয়ে, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা দায়ের করেছিলেন অভিষেক ব্যানার্জি, সেই মামলা প্রত্যাহারের অনুমতি চেয়েছেন তাঁর আইনজীবী। অর্থাৎ, ১৫ জুলাই নির্দিষ্ট সময়েই মধ্যেই হাজিরা দিতে হবে অভিষেককে।
একইসঙ্গে জানা গিয়েছে, তিনি নিশ্চয়তা চেয়েছেন 'ডিম' ছোড়ার বিষয়েও। জানা গিয়েছে, অভিষেকের আইনজীবী জানান, তিনি হাজিরা দিলেও, নিশ্চয়তা দিতে হবে, ডিম ছোড়ার বিষয়েও। এর আগে, ৩০ মে, সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যান ডায়মন্ড হারবারের সাংসদ। ভোটের হারের পর, সেই প্রথম বেরিয়েছিলেন তিনি। সেদিনই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তারপর থেজে হাজিরা কিংবা কালীঘাটের বাড়ি ছাড়া অভিষেককে দেখা যায়নি আর প্রকাশ্যে।















