আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। পশ্চিম এশিয়ায় কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইরান এবং ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা দেশে দেশে। এহেন উত্তপ্ত পরিস্থিতির জেরে বড়সড় পদক্ষেপ করল সংযুক্ত আরব আমিরাত। নিরাপত্তার খাতিরে দেশের আকাশসীমা আংশিকভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে সে দেশের বিমান পরিবহণ নিয়ামক সংস্থা (জিসিএএ)। এর ফলে এমিরেটস ও ফ্লাইদুবাই-সহ একাধিক নামী বিমান সংস্থার উড়ান পরিষেবা কার্যত থমকে গিয়েছে।

সরকারি সংবাদ সংস্থা ‘ওয়াম’-কে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির দিকে নজর রেখেই এই সতর্কতা। তবে ঠিক কতক্ষণ আকাশসীমা এভাবে বন্ধ থাকবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

দুবাইয়ের দুটি প্রধান বিমানবন্দর- দুবাই ইন্টারন্যাশনাল এবং আল মাকতুম ইন্টারন্যাশনাল থেকে আপাতত সব উড়ান বাতিল করা হয়েছে। প্রশাসনের তরফে এক মুখপাত্রী জানিয়েছেন, “পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব বিমান চলাচল বন্ধ থাকবে।” যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, ১ মার্চ, রবিবার বিকেল ৩টে পর্যন্ত তাঁদের সমস্ত উড়ান স্থগিত। যাঁদের আগামী তিন দিনের মধ্যে টিকিট ছিল, তাঁরা চাইলে পরে যাত্রা করতে পারেন অথবা টিকিটের টাকা ফেরত নিতে পারেন।

অন্যদিকে, ফ্লাইদুবাই জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকেই বেশ কিছু দেশের আকাশসীমা বন্ধ থাকায় তাদের অনেক বিমান মাঝ আকাশ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। যাত্রী ও কর্মীদের সুরক্ষাই যে তাঁদের কাছে প্রধান লক্ষ্য, তা স্পষ্ট করে দিয়েছে সংস্থা।

উত্তেজনার পারদ আরও চড়েছে ইরানের পাল্টা হামলার খবরে। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইরানের এই হামলায় দুবাই বিমানবন্দর এবং বিশ্বখ্যাত বুর্জ আল আরব হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার ভোরে হওয়া এই ঘটনায় বিমানবন্দরে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘোর আশঙ্কার মেঘ।