আজকাল ওয়েবডেস্ক: শেষমেশ যুদ্ধের যবনিকা পতন। দীর্ঘ জটিলতা, অস্থিরতার অবসান ঘটবে কিছুক্ষণেই। যুদ্ধ শেষের বড় ইঙ্গিত দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ, রবিবার ইরানের সঙ্গে আলোচনার পর শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে চলেছে বলে ঘোষণা করেছেন তিনি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সমাঝমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, রবিবার ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি স্বাক্ষর হবে। এরপরই হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। 

 

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের চুক্তির প্রসঙ্গেও গতকাল মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, "ইরানের সঙ্গে ওবামার জেসিপিওএ চুক্তিতে পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গটি অত্যন্ত দুর্বল ছিল। পারমাণবিক অস্ত্রের পথটি আরও স্বচ্ছ হয়ে উঠেছিল। ছ'বছর আগেই ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং এতদিনে তা ব্যবহারও করে ফেলত।" 

 

ট্রাম্পের দাবি, "ইরানের সঙ্গে আমার চুক্তিটি এর সম্পূর্ণ বিপরীত। নিঃসন্দেহে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে এক বিশাল প্রাচীর থাকবে এখানে। প্রকৃতপক্ষে, আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইবে না তারা। এমনকী আর পাবেও না। কিনেও না, তৈরি করেও না। উপযুক্ত সময়ে, যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা গ্রানাইট পাহাড়ের নীচে চাপা পড়ে থাকা সেই পারমাণবিক অবশিষ্ট উপাদান সংগ্রহ করে ধ্বংস করব।" 

 

প্রসঙ্গত, গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা করেছিলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে। যদিও তেহরান কোনও নির্দিষ্ট দিন উল্লেখ করেনি। কিন্তু ট্রাম্প সরাসরি তা ঘোষণা করেছেন। 

 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহ। তেহরানে একযোগে হামলা করেছিল ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। নিহত হয়েছিলেন ইরানের প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। টানা কয়েক মাস সংঘর্ষের পর যুদ্ধবিরতিও ঘোষণা করা হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালী নিয়ে জট কাটেনি। চলতি সপ্তাহেও ফের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। প্রথম শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর কেটে গেছে কয়েক সপ্তাহ। অবশেষে জটিলতা কাটতে চলেছে পশ্চিম এশিয়ায়।