আজকাল ওয়েবডেস্ক: ইরানের ‘আগ্রাসী’ কর্মকাণ্ডে ক্ষুব্ধ ওয়াশিংটন। প্রতিশোধ নিতে সপ্তাহের শেষভাগে ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে সফলভাবে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার ওয়াশিংটনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ইরানের গোরুক অঞ্চল ও কেশম দ্বীপে এ সামরিক অভিযান চালানো হয় বলে দাবি করেছে মার্কিন প্রশাসন।
এক্সে প্ল্যাটফর্মে দেওয়া একটি পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক 'এমকিউ-১' ড্রোন পরিচালনা করার সময় সেটিকে ধ্বংস করে ইরান। ইরানি বাহিনীর এই পদক্ষেপের জবাবে মার্কিন যুদ্ধবিমানগুলিও পাল্টা আঘাত হানে।
সেন্টকম জানিয়েছে যে, মার্কিন ফাইটার জেটের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থল নিয়ন্ত্রণ স্টেশন এবং দু'টি একমুখী আত্মঘাতী ড্রোন ধ্বংস করা হয়েছে। এই অভিযানে কোনও মার্কিন সামরিক কর্মী বা সদস্য হতাহত হননি বলেও নিশ্চিত করেছে ওয়াশিংটন।
এর আগে গত সপ্তাহেও দুই দেশের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছিল। ওয়াশিংটনের একজন আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি ড্রোন অপারেশন লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হামলা চালানোর পর পাল্টা জবাব দিতে একটি মার্কিন বিমান ঘাঁটিকে নিশানা করেছিল ইরান।















