আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। যুদ্ধবিরতি শেষ বলে নিজেই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের সাফ কথা, "ইরানিরা যা করছে তাতে আমি সন্তুষ্ট নই। আমাদের পদক্ষেপের উদ্দেশ্য কোনও সরকার পরিবর্তন নয়, তবে আমরা চাই না তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক।"

এর আগে দিনের শুরুতে ট্রাম্প বলেছিলেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি "শেষ হয়ে গেছে"। তবে আলোচনার পথও খোলা রেখেছেন তিনি। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানি হামলার জেরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর তিনি এ মন্তব্য করেন।

জাহাজ চলাচলের এই কৌশলগত পথটি সংঘাতের একটি অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ব্যাপক হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়েছিল।

তেহরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে, এই পথ দিয়ে চলাচলের জন্য তারা মাশুল বা ফি আদায় করবে এবং অনুমোদিত পথ থেকে বিচ্যুত কোনও জাহাজে হামলা চালানোর হুমকিও দিয়েছে। সাম্প্রতি তাদের সামরিক বাহিনী, অন্তত তিনটি জাহাজে হামলা চালিয়েছে। এর জেরে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি পরিকাঠামো ওপর ব্যাপক হামলা চালায় এবং তার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা হামলা করে।