আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে সম্মত হয়েছে। তিনি এও বলেছেন যে, দুই দেশ একটি শান্তি চুক্তির "খুব কাছাকাছি" পৌঁছে গিয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "তারা আমাদের সেই 'পারমাণবিক ধূলিকণা' ফেরত দিতে সম্মত হয়েছে।" সমৃদ্ধ ইউরেনিয়ামের সেই বিশাল মজুদকে বোঝাতে তিনি এই নিজস্ব পরিভাষাটি ব্যবহার করেন। আগাগোড়াই আমেরিকা দাবি করেছে যে, মজুদ বিশাল পরিমাণ ইউরেনিয়াম সদিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, "আমাদের মধ্যে (ইরান ও আমেরিকা) একটি চুক্তি সম্পাদিত হওয়ার অত্যন্ত জোরালো সম্ভাবনা রয়েছে।"
পাকিস্তান অনুষ্ঠিত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সপ্তাহান্তের আলোচনা ভেস্তে যায়। সেখানে, তেহরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত মতবিরোধই ছিল আলোচনার মূল প্রতিবন্ধক। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' এবং 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন তাদের প্রস্তাবনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তেহরান জানিয়েছিল যে, তারা কেবল পাঁচ বছরের জন্য এতে সম্মত হতে পারে।
এর আগেও তেহরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' দু'জন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল যে, ট্রাম্প প্রশাসন তেহরানের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০ বছরের সময়সীমার ওপরই জোর দিয়েছিল।
তারও আগে ট্রাম্প প্রশাসনের দাবি ছিল যে, ইরান তার অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যাবতীয় কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করুক। কারণ তা না হলে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে বলে আশঙ্কার করছিল ওয়াশিংটন।















