আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা যেতে না যেতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শর্ত ভাঙার অভিযোগ আনল ইরান। তাদের দাবি, আলোচনার আগেই ১০ দফা শর্তের মধ্যে তিনটিই ভাঙা হয়েছে। যা ঘিরে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনাচ্ছে পশ্চিম এশিয়ার আকাশে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ১০ দফা শর্ত নিয়ে আলোচনা করার কথা ছিল। দু'সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাও করেন ট্রাম্প। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তিনটি শর্ত ভেঙে ফেলা হল।
কোন তিনটি শর্ত ভাঙা হয়েছে?
ইরানের দাবি, প্রথমটি লেবানন প্রসঙ্গে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মধ্যস্থতার সময় স্পষ্ট জানানো হয়েছিল, লেবানন-সহ সব অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। কিন্তু বাস্তবে সেই শর্ত মানা হয়নি। ইজরায়েল লেবাননে সামরিক অভিযান চালিয়েছে গতকাল।
দ্বিতীয়টি হল, যুদ্ধবিরতির পরেও ইরানের আকাশসীমায় সন্দেহজনক এককটি ড্রোন প্রবেশ করে। যা পরে ফার্স প্রদেশের লার এলাকায় ভূপাতিত করা হয়। তৃতীয়টি হল, ইরানের পারমাণবিক অধিকার ঘিরে। তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র সেই অধিকারকে কার্যত অস্বীকার করছে।
ইরানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকার কাছে পেশ করা ইরানের ১০ দফা শর্তগুলো হল:
১. ইরানের ওপর ভবিষ্যতে কোনও হামলা না চালানোর প্রতিশ্রুতি।
২.হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা।
৩. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নেওয়া।
৪. প্রাথমিক স্তরের সমস্ত নিষেধাজ্ঞা বাতিল।
৫. দ্বিতীয় স্তরের যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
৬. রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে পাশ হওয়া সমস্ত প্রস্তাব বাতিল করা।
৭. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানের বিরুদ্ধে থাকা সব প্রস্তাব বাতিল করা।
৮. যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়া।
৯. পশ্চিম এশিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া।
১০. লেবানন-সহ সব সীমান্তেই লড়াই বন্ধ করা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল রাতে ১০ মিনিটে লেবাননে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েল। গতকালের হামলায় দুই শতাধিক বাসিন্দার মৃত্যু হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই হামলায় সব মিলিয়ে ২৫৪ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন ৮০০-রও বেশি মানুষ।
সূত্রের খবর, এখনও পর্যন্ত লেবাননের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েল। বেইরুট, বেকা উপত্যকা, দক্ষিণ লেবাননজুড়ে হিজবোল্লার ১০০টিরও বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেল আভিভ।
বুধবার ইরানের সঙ্গে দু'সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় বুধবার ভোরে তিনি এই ঘোষণা করেছেন। ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র, দু’দেশই সামরিক অভিযান বন্ধ রাখবে। অন্যদিকে ইরানের তরফে জানানো হয়েছে, এই সপ্তাহে হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। ৩ মার্চ থেকে হরমুজ প্রণালী বন্ধ ছিল। যুদ্ধবিরতির ঘোষণা হতেই অবশেষে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হরমুজ প্রণালী খুলে গিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই আবারও তা বন্ধ করল ইরান।















