আজকাল ওয়েবডেস্ক: ধরুন আপনি বাড়িতে রান্না করছেন। সুপার মার্কেট থেকে আনা লেটুস পাতার প্যাকেটটা খুললেন। কিছু টাটকা লেটুস রান্নায় দেবেন বলে। এমন সময়ে দেখতে পেলেন তার ভিতরে একটা সবুজ ব্যাঙ রয়েছে। পাতাগুলির মাঝে এমনভাবে রয়েছে যে আপনি বুঝতেও পারেননি যে ওটা একটা ব্যাঙ। কেমন লাগবে?
জানা গিয়েছে, এরকমই একটা ঘটনা ঘটেছে সম্প্রতি অস্ট্রেলিয়ার এক কৃষকের সঙ্গে। বাড়িতে তিনি খাবার রান্না করছিলেন। এরপর তিনি লেটুস পাতার প্যাকেটটা খোলেন। সেখান থেকে উপরের দিকের কয়েকটা পাতা বের করতেই চক্ষু চড়কগাছ। ভিতর থেকে আচমকা একটি ব্যাঙ বেরিয়ে আসে।
সবুজ পাতার মধ্যে ওই একই রঙের প্রানীটি মিশে গিয়েছিল। ফলে বাইরে থেকে দেখে কৃষক বুঝতেই পারেননি যে প্যাকেটের ভিতরে একটা ব্যাঙ আছে। ফলে সুপার মার্কেট থেকে ব্যাঙ সমেত লেটুসের প্যাকেটটি তিনি কিনে নিয়ে যান ঘরে। জানা গিয়েছে, যখন ব্যাঙটি পাওয়া যায় তখনও সে জীবিত অবস্থাতেই ছিল।
অনুমান করা হচ্ছে, ফসল কাটার সময়েই কোনওভাবে পাতার মধ্যে ঢুকে পড়ে সে। তারপর প্যাকেজিং-এর সময়েও কেউ খেয়াল করেন নি। এরপর প্যাকেটটি সুপারমার্কেটে পৌঁছয়৷ শেষমেশ ওই কৃষকের হাতে পড়ে।
পুরো ঘটনাটি কৃষক ভিডিও করেছেন। কয়েকটি ছবিও তুলেছেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে, একটি ব্যাঙ প্যাকেটের ভিতর থেকে উঁকি মারছে। তার শরীরে কোনও ক্ষত চিহ্ন দেখা যায়নি।
এই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন। তাঁদের কথায়, একটা আস্ত ব্যাঙ এতটা পথ কী করে ক্ষতহীনভাবে আসল!
তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এমনটা ঘটতে দেখা গিয়েছে৷ যদিও পরবর্তীকালে ব্যাঙটিকে ছেড়ে দেওয়া হয়। অনেকেই এই ঘটনায় সাধুবাদ জানিয়েছেন। ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে যায়৷















