আজকাল ওয়েবডেস্ক: টানা ২১ ঘণ্টার বৈঠক ব্যর্থ। রবিবার ভোররাতে জানিয়ে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাংবাদিকদের জানালেন, 'খুবই খারাপ খবর। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়নি। শান্তি বৈঠক ব্যর্থ হয়েছে। আমরা কোনও চুক্তি না করেই ফিরে যাচ্ছি।' 

 

ব্যর্থ বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য, 'খারাপ খবর হল, আমাদের মধ্যে কোনও চুক্তি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও ইরানের জন্য এটা আরও খারাপ খবর। কোনও চুক্তি না করেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা উল্লেখ করেছি, কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি, কোন বিষয়ে পারি না। কিন্তু ইরান আমাদের শর্তগুলো মেনে নেয়নি।' 

 

ইরান কোন শর্ত মেনে নেয়নি? এই প্রশ্নের উত্তরে ভ্যান্স জানিয়েছেন, 'আমি সর্বসমক্ষে সবকিছু জানাতে চাই না, দীর্ঘ ২১ ঘণ্টা যা নিয়ে আলোচনা হয়েছে। তবে আমরা প্রতিশ্রুতি চেয়েছিলাম, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন কোনও পন্থা অবলম্বন করবে না, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করবে। এটিই আমাদের মূল লক্ষ্য ছিল যা আলোচনার মাধ্যমে চুক্তি করার চেষ্টা করা হয়েছে। আমরা এখনও কোনও প্রতিশ্রুতি পাইনি। আশা করছি ভবিষ্যতে পাব।' 

শনিবার ইসলামাবাদে শুরু হয়েছিল ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক। পাঁচ ঘণ্টা দেরিতে এই বৈঠক শুরু হয়েছিল। কিন্তু যদি এই বৈঠক ব্যর্থ হয়? তবে কি আবারও যুদ্ধ শুরু হবে? এবার তা নিয়েই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

গতকাল শনিবার সন্ধ্যায় ট্রাম্প সাফ জানিয়েছেন, "আমাদের এখন কোনও বিকল্প পরিকল্পনার দরকার নেই। ইরান এই যুদ্ধে আগেই হেরে গিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র সংখ্যাও এখন অনেক কম। এমনকী ক্ষেপণাস্ত্র উৎপাদন কমে গেছে। মার্কিন বাহিনী যা কাজ করেছে, তা এক কথায় অসাধারণ।" 

গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প আরও বলেন, ইরান ‘ব্যর্থ রাষ্ট্র’।হরমুজ প্রণালী খুব বেশি দেরি না করেই আবার খুলে যাবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায় এটি ‘অদূর ভবিষ্যতেই’ পুনরায় চালু হবে। 

পাকিস্তানে শান্তি বৈঠকে ইরানের ৭০ জনের প্রতিনিধিদল উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, সংসদের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার।